জেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর মালিকানাধীন মুদি দোকান জোরপূর্বক দখলের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জোনাইল পূজা ঘাঁটি এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য ও মোসলেমাবাদ এলাকার শফিকুল ইসলাম এবং জোনাইল পূজা ঘাঁটি এলাকার যুবদল কর্মী সোহাগ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২১ সালে চরনগর এলাকার নাজমুল হাসানসহ আরও চারজন মিলে ১২ লাখ টাকায় জোনাইল বাজারে একটি সমবায় সমিতির কাছ থেকে চারটি দোকান কেনেন। নাজমুল হাসান সেই দোকানগুলোর একটি ব্যবহার করছিলেন মনোহারি (মুদি) ব্যবসার জন্য।
তবে ২০২৫ সালের মার্চ মাসে ওই দোকানগুলো জোরপূর্বক দখলে নেয় যুবদলের তিন নেতা। এরপর তারা সেসব দোকানে ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) কর্মসূচির চাল মজুদের জন্য গোডাউন হিসেবে ব্যবহার করেন।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান না হওয়ায় ভুক্তভোগী দোকান মালিকেরা অবশেষে গত সোমবার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচরে আনেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে দোকান মালিক নাজমুল হাসান বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী ব্যবসায়ী নাজমুল হাসান জানান, “আমরা নিজেদের অর্থে দোকানগুলো কিনেছি। অনেকবার অনুরোধ করার পরও তারা দোকান ছেড়ে দেয়নি। স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”
ঘটনায় অভিযুক্তদের যুবদল সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে জেলা যুবদল নেতাদের অবহিত করা হবে। তারা সিদ্ধান্ত নেবেন।”
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান-এর মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
এদিকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “যুবদলের তিন নেতার আটকের বিষয়ে শুনেছি। বিষয়টির সত্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
ওসি হাসান আল মামুন আরও বলেন, “গ্রেপ্তার তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দোকান দখলের ঘটনায় ব্যবসায়ী নাজমুল হাসান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে।”
