সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬ টন ন্যায্যমূল্যের চাল জব্দ করেছে সেনাবাহিনী। চালগুলো হতদরিদ্রদের জন্য বরাদ্দ ছিল।
২৯শে মে, বৃহস্পতিবার রাতভর পরিচালিত পৃথক অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- মাহফুজ হোসেন (২৫), শাকিল হোসেন (২৮), রাজু সেখ (২৫), শরিফ হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) ও সাইফুল ইসলাম (৩৫)।
সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে ন্যায্যমূল্যের চাল হতদরিদ্রদের মাঝে সরবরাহ করা হয়। কিন্তু কিছু অসাধু ডিলাররা এসব চাল চড়া দামে অবৈধভাবে স্থানীয় মিলার অথবা বাইরে বিক্রি করেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নিমগাছি আর্মি ক্যাম্প থেকে পৃথক দুটি অভিযানে চালানো হয়। এতে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে আনুমানিক ১০ টন (৫০০ বস্তা) চাল জব্দ ও গুদাম মালিককে আটক করা হয়।
অন্যদিকে রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ছয় টন (৬ হাজার কেজি) সরকারি চাল জব্দ ও গুদামে থাকা সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্ততি চলছে।
অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, সিরাজগঞ্জ জেলার আর কোথাও গরিব-দুঃখীদের জন্য বরাদ্দ দেওয়া ন্যায্যমূল্যের চাল অবৈধভাবে গুদামজাত করা বন্ধে অভিযান চলবে।
