নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতা খুন, গুপ্ত সংগঠন শিবিরকে দুষছেন কর্মীরা

নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতা খুন, গুপ্ত সংগঠন শিবিরকে দুষছেন কর্মীরা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামে এক ছাত্রদল নেতা নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

নিহত বিপ্লব ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক। তিনি শহরের ইসলামনগর এলাকার বাসিন্দা।

আজ ২৮শে মে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ইসলামনগর এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে বুধবার বেলা সাড়ে ১২টা দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে ভিন্ন ঘটনা রয়েছে বলে দাবি ছাত্রদলের কর্মীদের।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রদল কর্মী জানিয়েছেন গুপ্ত সংগঠন শিবিরের স্থানীয় নেতাকর্মীদের সাথে আধিপত্য বিস্তারের জেরে কয়েক মাস ধরেই বিপ্লব আহম্মেদের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শিবিরের খুনিরা হত্যা করেছে বিপ্লবকে।

নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন।

Visited 74 times, 1 visit(s) today