ক্ষমা না চাওয়ায় সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের

ক্ষমা না চাওয়ায় সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈছা নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। উচ্চ আদালত নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করায় এই অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

২৮শে মে, বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগ দাখিল করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

আবেদনে তিনি জানান, এর আগে সারজিস আলমকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে তাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় তিনি আদালতে এই অভিযোগ দাখিল করেন।

জানা যায়, গত ২৪শে মে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে বাধা চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ ওই আদেশ দেন।

ওই দিন সকাল ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন: “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?”

এই মন্তব্যটিকে আদালতের মর্যাদা ক্ষুণ্নকারী ও অবমাননাকর হিসেবে অভিহিত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান ওই আইনজীবী।

Visited 140 times, 1 visit(s) today