নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে অবৈধভাবে আনা মহিষ ভাগাভাগিকে কেন্দ্র করে জেলা বিএনপির এক শীর্ষ নেতা ও একটি ছাত্র সংগঠনের সংগঠককে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত দুজন হলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সংগঠক আলমগীর।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই দুই সংগঠনের মধ্যে সম্প্রতি গোপন সমঝোতার মাধ্যমে ভারত থেকে চোরাপথে আনা কিছু মহিষ পাচার করা হয়। কিন্তু ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তারা। এর জেরে অভ্যন্তরীণ বিরোধ ও সংঘাতের সূত্র ধরে সেনাবাহিনী অভিযান চালায়।
অভিযানে ওই দুইজনকে কুড়িগ্রাম সদর উপজেলার একটি খামারবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা বেশ কয়েকটি মহিষ উদ্ধার করা হয়েছে। পাচারে স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এলাকায় এর আগেও মহিষ পাচার হলেও এভাবে রাজনৈতিক নেতাদের নাম সামনে আসা বিরল ঘটনা। গ্রেপ্তারের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযান চালানো হবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
