পাকিস্তানের ক্রিকেট মানেই যেন বড় বড় খবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটা সময় দলটির যারা ছিলেন ভরসা, এবার একে একে তারাই সবাই বাদ। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আগের সিরিজেই বাদ পড়েছিলেন, এবার শাহীন শাহ আফ্রিদিকেও বাদ দিল পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অলরাউন্ডার সালমান আলি আঘাই আছেন নেতৃত্বে।
দল ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে, চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াডকে বেছে নেওয়া হয়েছে।
এদিকে পাঁচ ম্যাচ থেকে কমিয়ে সিরিজ তিন ম্যাচে নামিয়ে আনার কথা গতকালই জানানো হয়েছে। আজ প্রকাশ করা হয়েছে সূচি।
লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে আগামী ২৮ মে থেকে শুরু হবে এই সিরিজ, ৩০ মে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, শহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।
