নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ঝটিকা মিছিল করেছে একদল যুবক। মিছিল থেকে ইউনুসের পদত্যাগ চেয়ে ‘ওয়াশিংটনের ইউনুস, ওয়াশিংটনে ফিরে যা’ স্লোগান দেওয়া হয়।
সোমবার (১৯ মে) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ১ নম্বর সেক্টরের জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। কয়েক মিনিটের মিছিলটি স্কলাসটিকা স্কুল পর্যন্ত গিয়ে শেষ হয়।
ঝটিকা মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার বাংলায়, ইউনুসের ঠাঁই নাই’, ‘ইউনুসের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায়’, ‘ওয়াশিংটনের ইউনুস, ওয়াশিংটনে ফিরে যা’, ‘চলছে লড়াই, চলবে’সহ নানা স্লোগান দেওয়া হয়।
এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা বলেন, বেলা সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি ঝটিকা মিছিল হয়েছিল। পরে খবর পেয়ে থানা-পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে তারা পালিয়ে যায়।
ওসি তাসলিমা বলেন, ‘ঝটিকা মিছিলে অংশ নেওয়া দুজনকে আমরা শনাক্ত করেছি। তারা গাজীপুরের। মিছিলকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
