পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। পেশাদার ক্রিকেট লিগটিতে তিনি নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলের স্থলাভিষিক্ত হবেন। মিচেল ইনজুরিতে পড়ায় পিএসএল থেকে ছিটকে গেছেন। পিএসএল খেলার জন্য ইতোমধ্যে বিসিবির থেকে ছাড়পত্র পেয়েছেন ক্ষমতার পালাবদলের পর দেশের বাইরে থাকা এই শীর্ষ তারকা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাকিবের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “আমরা আমাদের পরিবারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।”
পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্স দলটির শুরুটা খুব ভালো হয়নি। প্রথম তিনটি ম্যাচের মধ্যে তারা একটিতেও জয় পায়নি। তবে সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য বাড়াবে বলে আশা করা হচ্ছে।
সাকিব আল হাসানের পিএসএল খেলার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে তিনি পেশোয়ার জালমি এবং করাচি কিংসের হয়েও খেলেছেন। পিএসএলে সাকিবের পারফরম্যান্স সবসময়ই নজরকাড়া। ব্যাট এবং বল হাতে তিনি বরাবরই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচ রয়েছে। এই ম্যাচেই সাকিবের পিএসএলের এবারের আসরে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। সাকিবের অন্তর্ভুক্তি লাহোর কালান্দার্সের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
