নিজস্ব প্রতিবেদক | ১৪ই মে, ২০২৫
সম্প্রতি অনুষ্ঠিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’-এ ‘অশালীন’ পোশাক পরার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ ১৪ই মে, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন ‘লিগ্যাল সাপোর্ট ল’ ফার্মের পক্ষ থেকে এই নোটিশ পাঠান। নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
পরিচালক-মেন্টর- প্রবীণ রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশু এবং অভিনেত্রী-মডেল- মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমি। ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ, তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করে এবং ক্রিকেট নিয়ে নানান কৌতূহল থাকে। জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলাই শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়ে খেলা দেখে এবং দেখার ইচ্ছে করে। তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রেট নিয়ে— তাহলে সাধারণ জনগনের মাঝে আরও কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার, হোক সেটা সরাসরি কিংবা অনলাইনে।
বর্তমানে আমরা দেখতে পেয়েছি— সেলিব্রেটি ক্রিকেট লিগ ২০২৫ টুর্নামেন্ট ছাড়া হয়েছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেলসহ ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করছেন। কিন্তু এই সেলিব্রেটি ক্রিকেট লিগে ৪-৮ নম্বর নোটিশ গ্রহীতারা (অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা এবং আলিশা) তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গ ভঙ্গিসহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য, সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন— যা ক্রিকেটপ্রেমিদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে।
ফলে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং ৭ নম্বর অভিনেত্রী (মারুফা আক্তার জামান) নিজেও ইন্টারভিউতে বলেছেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কীভাবে হলো। অতএব, বুঝা যাচ্ছে, ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা, যা সমাজের জন্য ক্ষতিকারণ এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে।
নোটিশে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলামকে ধারণ করেন, তাই সেলিব্রেটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগের সব খেলোয়ারদের শালীন ড্রেস মেনটেইন করে খেলার জন্য আহ্বান করা হলো। তাতে যেমন সমাজ অশ্লীলতা থেকে রক্ষা পাবে, তেমনই ক্রিকেটপ্রেমিদের মনে আরও বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে।
এতে আরও বলা হয়, ১-৩ নম্ব ডিরেক্টররা/মেন্টররা (প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশু) এই খেলা পরিচালনা করছেন, তাই আপনাদের সুপরামর্শে অশ্লীল ড্রেসকোড পরা অভিনেত্রীদের শালীনতায় ফিরিয়ে আনবেন এবং ক্রিকেট খেলার নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, তা থেকে ক্রিটেককে মুক্ত রাখবেন এবং অভিনেত্রী-মডেলরা ক্রিকেট খেলার নামে অশ্লীল ড্রেস কোড না পরে সুন্দর শালীন ড্রেস কোডের মাধ্যমে খেলার অংশগ্রহণের ও প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান করা হলো।
নোটিশে ৬ অভিনেত্রীকে আগামী ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে— কেন তারা অশালীন পোশাক ও অঙ্গভঙ্গির মাধ্যমে ক্রিকেট খেলার পরিবেশে অশ্লীলতা ছড়িয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
