❐ নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখওয়াত হোসেনসহ অন্যান্য উপদেষ্টাদের নামও রয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট সচিবদের কাছে এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে ড. ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে।
নোটিশের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সারাদেশে হাম রোগের আকস্মিক ও মারাত্মক প্রাদুর্ভাব। এতে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও নাগরিক হাসপাতালে ভর্তি রয়েছে।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন যে, হামের টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে প্রাইভেট খাতে স্থানান্তর করার ‘অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের’ সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জড়িত থাকতে পারেন। এ কারণে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন ও নিষেধাজ্ঞা জারি না করা হলে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। নোটিশটি রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম নিজেকে আইনের শাসন, গণতন্ত্র, সরকারের জবাবদিহিতা ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামী হিসেবে পরিচয় দিয়ে এই পদক্ষেপ নিয়েছেন।
এই নোটিশের ফলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের ওপর নতুন চাপ তৈরি হয়েছে।
বিশেষ করে উপদেষ্টা সাখওয়াত হোসেন ইতোমধ্যে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে খোলামেলা সমালোচনা করেছেন; এতে তার অবস্থান আরও জটিল হয়ে উঠতে পারে।
বর্তমানে সরকারি দপ্তর থেকে এই নোটিশের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
