নিজস্ব প্রতিবেদক | ২রা মে, ২০২৫
রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ওপর বর্বর হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা।
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাতের রগ ও একটি কান কেটে দেওয়া হয়েছে। হামলার শিকার হাসান আলী (৪৫) বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
১লা মে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত হাসান আলী রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গুপ্ত সংগঠন জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালায়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে. বিশ্বাস জানান, হাসানের ডান গাল ও ডান হাতে গভীর আঘাত রয়েছে। হাতের কবজির রগ কেটে গেছে এবং একটি কান কেটে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, হাসান আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে ডেকে নিয়ে হামলা চালায় ‘দুর্বৃত্তরা’।
পরিবারের পক্ষ থেকে জামায়াত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ওসি বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমরা ঘটনাটির উৎস ও জড়িতদের শনাক্তে কাজ করছি। পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।”
আহতের স্বজনরা বলেন, “দেশে আইনের শাসন নাই, বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে। সে কারণেই জামায়াত-শিবিরের মতো নিষিদ্ধ চক্রগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তবে আমরা পারিবারিকভাবে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেব।”
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান দেশে অরাজকতা চালিয়ে যাচ্ছে গুপ্ত সংগঠন জামায়াত-শিবির। তারা এ হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
