নির্বাচনের দাবি করা ‘অপরাধ’ কি না প্রশ্ন তুললেন তারেক রহমান

নির্বাচনের দাবি করা ‘অপরাধ’ কি না প্রশ্ন তুললেন তারেক রহমান
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের দাবি করাই এখন দেশে ‘অপরাধ’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুক্রবার যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, “রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে—এটাই স্বাভাবিক ও গণতান্ত্রিক রীতি। অথচ গত কিছুদিন ধরে দেশে এমন একটি আবহ তৈরি করা হয়েছে, যেখানে নির্বাচন আয়োজনের দাবিটাই যেন এক অপরাধ।”

জাতীয় নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তুলে তারেক রহমান বলেন, “আমি আবারও বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।”

অন্তর্বর্তী সরকারের অধীনে এখন দেশে নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক অস্থিরতা চলছে। সরকার বলছে সংস্কারের পর চলতি বছরের ডিসেম্বরে কিংবা বড় সংস্কার হলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। কিন্তু বিএনপি বলছে এই প্রক্রিয়া দীর্ঘায়িত করে সরকার প্রকৃত অর্থে নির্বাচন ঠেকানোর ফন্দি করছে।

তারেক রহমান বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য-মন্তব্য কিন্তু আওয়ামী কর্মীদের আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতন্ত্রকামী জনগণের জন্য অপমানজনক। রাষ্ট্র-রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে। তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবি অবজ্ঞা করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কী?”

অন্তর্বর্তী সরকারের সংস্কার বিলম্ব নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই পলাতক নেতা বলেন, “দেশের প্রতিটি দল সংস্কারের পক্ষে। তারপরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এতো সময়ক্ষেপণ করছে, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়ে চলেছে।”

রাজনৈতিক দলগুলোর সামনে ‘জনগণের আদালতে’ হাজির হওয়ার সুযোগ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ ও সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত থাকবে। রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন এবং পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলে বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে পারবে না।”

আর রাজনীতি করব না- মুচলেকা দিয়ে দেশত্যাগকারী তারেক রহমান ‘ফ্যাসিবাদী শাসনের’ পতনের পর নতুন রাজনৈতিক দলগুলোর আবির্ভাবকে স্বাগত জানিয়ে বলেন, “২৫টি নতুন দল আত্মপ্রকাশ করেছে। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে। তবে দেশের স্বার্থের প্রশ্নে সবার অবস্থান এক ও অভিন্ন।”

আওয়ামী লীগের উদ্দেশে তারেক রহমান বলেন, “যে দলটি গণতন্ত্র হারিয়ে ‘ফ্যাসিবাদী শাসনের’ জন্ম দিয়েছিল, গুম-খুনে জড়িয়েছিল, সেই অপশক্তি গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে। গণতন্ত্রকামী জনগণ দেশের স্বার্থবিরোধী অপশক্তিকে কখনোই মেনে নেবে না।”

সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের কীভাবে রাজনীতি থেকে দূরে রাখা হবে, সে প্রশ্ন তুলে তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ জানতে চায়, সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিয়েছে?”

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাবকে ‘স্বৈরাচার পুনর্বাসনের পথ’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “লুটপাট ও দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশের স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য সুবর্ণ সুযোগ।”

তারেক রহমানের এই বক্তব্য এমন সময় এল, যখন নির্বাচন আয়োজনের রূপরেখা না থাকা নিয়ে দেশের বিরোধী রাজনীতিতে চাপ বাড়ছে। বিএনপিসহ আরও কয়েকটি দল জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

Visited 94 times, 1 visit(s) today