নিজস্ব প্রতিবেদক | ২রা মে, ২০২৫
চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে প্রতিবেশীর ফাঁদে পড়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।
১লা মে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গোহাট ইউনিয়নের হাড়িচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাড়িচাইল গ্রামের মুন্সীবাড়ির বাসিন্দা মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮)। তারা পেশায় বাসচালক ও হেলপার। ভুক্তভোগী নারী ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর বড় ছেলে (১০) গত ১৭ই এপ্রিল সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। ছেলেকে খুঁজতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হাড়িচাইলের মুন্সীবাড়ি এলাকায় যান। সেখানে সুমন ও মহসিন তাকে জানান, তার ছেলে আরিফ নামের এক ব্যক্তির পরিত্যক্ত বসতঘরের ভেতরে লুকিয়ে আছে। ওই গৃহবধূ ছেলেকে খুঁজতে একাই ঘরের ভেতরে প্রবেশ করলে অভিযুক্ত দুইজন তাকে জোরপূর্বক টেনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
পরবর্তীতে ভুক্তভোগী নারী নিজেই রাতেই কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারী থানায় এসে মামলা দায়ের করার পরপরই সুমন ও মহসিনকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”
তিনি আরও জানান, ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
