নভোএয়ার বন্ধের গুজব প্রত্যাখ্যান: ফ্লাইট চলবে, টিকিট বুকিং চালু

নভোএয়ার বন্ধের গুজব প্রত্যাখ্যান: ফ্লাইট চলবে, টিকিট বুকিং চালু
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ঃ দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার বন্ধ হয়ে যাচ্ছে—এমন গুজব সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। গুজবের উৎস হিসেবে উল্লেখ করা হয়, নভোএয়ারের ওয়েবসাইটে ১৯ এপ্রিল, ২০২৫-এর পর কোনো ফ্লাইটের টিকিট বুকিং করা যাচ্ছিল না। তবে এই গুজব উড়িয়ে দিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান। তিনি বলেন, “নির্দিষ্ট কারিগরি কারণে আমরা সাময়িকভাবে টিকিট বুকিং বন্ধ রেখেছিলাম। এখন বুকিং চালু হয়েছে, ফ্লাইটও নিয়মিত চলবে।”

নভোএয়ারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আমরা ছোট আকারের কিছু এয়ারক্রাফট বিক্রি করে বড় এয়ারক্রাফট কেনার পরিকল্পনা করছিলাম। সম্ভাব্য ক্রেতারা পরিদর্শনে আসার কথা ছিল, তাই বুকিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মঙ্গলবার একটি সভায় ফ্লাইট চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।” মঙ্গলবার দুপুরের পর থেকে নভোএয়ারের ওয়েবসাইটে আবার টিকিট বুকিং শুরু হয়েছে।

তবে এই ব্যাখ্যার পরও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। ২০২৪ সালের জানুয়ারিতে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর ৭২-৫০০ এয়ারক্রাফট বিক্রির পর থেকে নভোএয়ারের ব্যবসা গুটিয়ে নেওয়ার গুজব জোরালো হয়। বর্তমানে তাদের বহরে পাঁচটি উড়োজাহাজ রয়েছে।

নভোএয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রা শুরু করে। এক দশকের বেশি সময়ে তারা এক লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে প্রায় ৭৫ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। দেশের প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে তারা উদ্ভাবনী ভূমিকা রেখেছে। এছাড়া, ‘দ্য বাংলাদেশ মনিটর’ থেকে ২০১৪ ও ২০১৯ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ এবং ২০২২ ও ২০২৩ সালে ‘বেস্ট অনটাইম পারফরম্যান্স’ পুরস্কার অর্জন করে তারা।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৬ সালে ঢাকা-কলকাতা আন্তর্জাতিক রুট চালু করলেও তা এখন স্থগিত। গুজব নিরসন হলেও, নভোএয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল রয়ে গেছে।

Visited 45 times, 1 visit(s) today