ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না: রোহিত

ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না: রোহিত
শেয়ার করুন

ক্রিকেট মাঠে গুঞ্জন চলছিল, রোহিত শর্মার অবসর কি আসন্ন? বয়স ৩৭ পেরিয়েছে, ২০২৭ সালের আইসিসি আসরে তার বয়স ৩৯ ছাড়িয়ে যাবে। তার ফিটনেস এবং তরুণ খেলোয়াড়দের আগমনে কি তিনি সরে দাঁড়াবেন? সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরি জানতে চাইলেন রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা কী।

রোহিত শুরুতে কৌশলী উত্তর দেন, “আপাতত কোনো বিশেষ পরিকল্পনা নেই, সবকিছু যেমন চলছে তেমনই চলবে।” তবে সাংবাদিকের আসল প্রশ্নটা বুঝতে পেরে তিনি হেসে বলেন, “একটা কথা পরিষ্কার করে দেই, আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। কোনো গুজব ছড়ানোর সুযোগ রাখতে চাই না।”

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিতের দুর্দান্ত পারফরম্যান্স ভারতকে জয় এনে দেয়। ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

রোহিতের নেতৃত্বে ভারত আইসিসির চারটি ভিন্ন আসরের ফাইনালে খেলেছে, যার মধ্যে দুটি জিতেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল ভারত।

রোহিত বলেন, “চারটি ফাইনালে খেলা প্রমাণ করে আমরা কতটা ধারাবাহিক দল। এই দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত।” তিনি আরও জানান, এই জয় তাদের দলের সম্মিলিত প্রচেষ্টার ফল।

গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রোহিত আবারও প্রমাণ করলেন, ক্রিকেট মাঠে তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব ভারতের জন্য অমূল্য।

Visited 27 times, 1 visit(s) today