নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ১০ বছর বয়সী কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
৯ই মার্চ, রোববার রাতে কোতোয়ালি থানা এলাকার বলুয়ার দিঘীর পূর্ব পাড়ের একটি বাড়ি থেকে প্রদীপ কুমার বণিক নামের ৫২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রপ্তার করা হয়। তার বিরুদ্ধে আপন কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
শিশুটির অভিযোগ, প্রতিদিন তার মা কাজে চলে যাবার পর তার বাবা নানা সময়ে তাকে যৌন নিপীড়ন করত। বিষয়টি মাকে জানানোর পর মায়ের বুদ্ধিতে শিশুটি কৌশলে মোবাইল ফোনে তার বাবার এ আচরণের ভিডিও তুলে রাখে।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, রাতে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মেয়েকে ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ প্রদীপ কুমারকে আটক করে। প্রমাণ হিসেবে পুলিশ সেই মোবাইল ফোনটি জব্দ করেছে।
শিশুটি বর্তমানে তার মা ও মাসীর সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
এই ধর্ষণের ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি আবদুল করিম।
