চরম সমালোচনার পর অবশেষে অবসর নিলেন মুশফিক

চরম সমালোচনার পর অবশেষে অবসর নিলেন মুশফিক
শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ০ ও ২ রানে আউট হয়ে ব্যর্থ হওয়া মুশফিকুর রহিম কেন দলে এই প্রশ্ন উঠেছিলো জোরেশোরে। তীব্র সমালোচনার মাঝে অবশেষে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ৩৭ পেরুনো অভিজ্ঞ ব্যাটার।

বুধবার রাতে ফেসবুকে নিজের পেইজে ওয়ানডে থেকে অবসর ঘোষণা দেন মুশফিক। তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্‌,। বৈশ্বিক আসরে হয়ত আমাদের অর্জন হয়তো কম ছিলো। কিন্তু যখনই দেশের হয়ে মাঠে নেমেছি, শতভাগের বেশি দিতে চেয়েছি।’

এরপর ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে নিজের নিবেদনের কথা তুলে ধরতে চেয়েছেন তিনি।

২০০৬ সালে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেকের পর ১৯ বছরে তিনি খেলছেন ২৭৪ ওয়ানডে। ৩৬.৪২ গড় ও ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন। যা বাংলাদেশের হয়ে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ। মুশফিকের ব্যাট থেকে এসেছে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি।

বছর দুয়েক আগে এভাবে টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছিলেন তিনি। তবে মুশফিক এখনো টেস্ট থেকে অবসর নেননি। তাকে লাল বলের ক্রিকেটে আরও দেখা যাবে।

Visited 58 times, 1 visit(s) today