রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে বিশাল পুঁজির পর বোলিংয়েও ঝলক দেখালো নিউজিল্যান্ড। ডেভিড মিলার শেষ দিকে সেঞ্চুরি পেলেও মিচেল স্যান্টনারের স্পিনের জবাব দিতে পারলেন না বাকিরা। বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পা রাখল নিউজিল্যান্ড।
বুধবার লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ৫০ রানে দক্ষিণ আফ্রিকাকে হারায় নিউজিল্যান্ড। আগে ব্যাটিং নিয়ে ৩৬২ রানের বিশাল পুঁজি গড়েছিলো তারা। জবাবে মিলার হারের ব্যবধান কমানো সেঞ্চুরি করলেও ৩১২ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।
নিউজিল্যান্ডের হয়ে ১০১ বলে ১০৮ রানের পাশাপাশি ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাচিন। সাবেক অধিনায়ক উইলিয়ামসন করেন ৯৪ বলে ১০২। এছাড়া ৩৭ বলে ৪৯ করেন ড্যারেল মিচেল, ২৭ বলে ৪৯ করে দলকে চূড়ায় নেন গ্লেন ফিলিপস।
বল হাতে নিউজিল্যান্ডের নায়ক তাদের অধিনায়ক স্যান্টনার। রানে ভরা পাটা উইকেটেও ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
আগামী ৯ মার্চ দুবাইতে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে ব্ল্যাক ক্যাপসরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি তাদের তৃতীয় ফাইনাল। এর আগে ২০০০ সালে দ্বিতীয় আসরে ভারতকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। ২০০৯ সালের আসরে ফাইনালে তারা হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে।
