প্রিমিয়ার লিগে এক ক্লাবের মালিক, আরেক ক্লাবের অধিনায়ক তামিম

প্রিমিয়ার লিগে এক ক্লাবের মালিক, আরেক ক্লাবের অধিনায়ক তামিম
শেয়ার করুন

স্বার্থের সংঘাত শব্দটায় নতুন এক নজির স্থাপন করলেন যেন তামিম ইকবাল। যদিও সেই নজিরটি ইতিবাচক নয় বরং ভীষণ নেতিবাচিক। সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে এক ক্লাবের যৌথ মালিকানায় আছেন তামিম ইকবাল, একই লিগে তিনি আরেক ক্লাবে খেলবেন অধিনায়ক হিসেবে।

তামিমের দুই ক্লাব লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বিকেএসপিতে। এবার প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে আছেন তামিম। আবার তার অর্থায়নে খেলতে যাচ্ছে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা গুলশান ইয়ুথ ক্লাব।

গুলশান ইয়ুথ ক্লাবের মালিকানায় আছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান, তার সঙ্গে যৌথ মালিকানায় তামিম। দল তৈরি করে দেওয়া থেকে শুরু করে সব কিছুতেই গুলশানে ভূমিকা রাখছেন তিনি, একইসঙ্গে যুক্ত আছেন মোহামেডানে। এবার পারিশ্রমিক কম হওয়ায় লিটন দাসের মতন তারকা দল খুঁজে পাচ্ছিলেন না। তামিম রোববার জানান লিটনকে তারা গুলশানে দলে নিয়েছেন। প্রশ্ন উঠেছে একজন খেলোয়াড় যদি একটা লিগে দুটি ক্লাবের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্ত থাকেন তাহলে খেলা কতটা ফেয়ার হবে।

তবে দুই ক্লাবে জড়িয়ে থাকার পরও স্বার্থের সংঘাত খুঁজে পাচ্ছেন না সাবেক এই জাতীয় দলের অধিনায়ক, ‘আমি যদি ওদের (গুলশান ইয়ুথ) বিপক্ষে দ্রুত আউট হয়ে যাই তাহলে কি বলবেন ইচ্ছা করে আউট হয়েছি! আমি দলের সঙ্গে আছি। দলটি আমার না কিন্তু, এটা আপনারা (সংবাদ মাধ্যম) করেছেন। আমি শুধু স্পন্সর এনে দিয়েছি। তাই স্বার্থের দ্বন্দ্বের কোন কারণই নেই।

এই জিনিসগুলো সবসময় নেতিবাচক ভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করেন যে এখন যদি আমাদের মতো স্পন্সররা একটা দলকে স্পন্সর না করে তাহলে ১৫-২০ জন ক্রিকেটার দল পাবে না। এভাবেও একটু চিন্তা করেন।

সবসময় নেতিবাচক জিনিস বের করার চেয়ে একটু ইতিবাচক দিকটাও চিন্তা করেন। ধরেন আমি একটা দলকে যদি স্পন্সর না করতাম তাহলে আজকে ক্রিকেটারদের পারিশ্রমিক এমনিতেই অর্ধেক হয়ে গেছে। আমার কথা উদাহরণ দিচ্ছি, ধরেন আমার সঙ্গে যারা আছেন তারা যদি এগিয়ে না আসতেন তাহলে খেলাটা হবে না। তাই সবসময় নেতিবাচক দিক না খুঁজে একটু ইতিবাচক দিকও দেখবেন।’

তামিম গুলশান ইয়ুথ ক্লাব তার দল না দাবি করলেও কয়েকদিন আগে একটি অনলাইন নিউজপোর্টালে বলেছিলেন সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি স্পষ্ট জানিয়েছিলেন গুলশানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত হয়েছেন তিনি ও মিজানুর রহমান, ‘অর্থনৈতিক দিক থেকে গুলশান ক্রিকেট ক্লাবকে সাপোর্ট দিতে চাই। ক্লাবটির অর্থায়নে ভূমিকা রাখতে যাচ্ছি। আসলে কাউন্সিলর নিয়ে এখনই ভাবছি না। আমি ও ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজির মিজান (মিজানুর রহমান) ভাই দুজন মিলে গুলশান ক্রিকেট ক্লাবে অর্থায়ন করব বা করতে যাচ্ছি। আমাদের মধ্যে কে কাউন্সিলর হবেন, তা এখনই চূড়ান্ত করিনি। সেটা নিয়ে এখন ভাবছিও না। সেটা পরে দেখা যাবে। এ মুহূর্তে আমি আর মিজান ভাই (ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মিজানুর রহমান) গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ক্লাবটিকে আর্থিক সহায়তা করতে রাজি হয়েছি।’

বাংলাদেশের ক্রিকেট এমনিতেই ধুঁকছে। প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দিতাপূর্ণ না হওয়ার পেছনে ডামি দলগুলোর ভূমিকা অনেক। একই লিগে একাধিক দলে যুক্ত থাকছেন অনেকে। নিজেদের সুবিধায় তারা ফল নির্ধারণেও ভূমিকা রাখেন বলে গুঞ্জন আছে আগে থেকে। বদলে যাওয়া পরিস্থিতিতে তামিম আড়াল, আবডালে না। একদম প্রকাশ্যেই যুক্ত হলেন দুই দলের সঙ্গে।

Visited 76 times, 1 visit(s) today