শহিদজায়া সারা মাহমুদের প্রয়াণ

শহিদজায়া সারা মাহমুদের প্রয়াণ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ভাষার মাসেই “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরকার, কিংবদন্তী ক্র্যাক প্লাটুনের যোদ্ধা শহিদ আলতাফ মাহমুদের সহধর্মিনী সারা আরা মাহমুদ ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

আজ ফেসবুক পোস্টে আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ একটি পোস্টে এ তথ্য জানান। সন্ধ্যা ৬.২৫ মিনিটে ইস্কাটনে নিজ বাসভবনে একমাত্র কন্যার সান্নিধ্যে শহিদজায়া সারা মাহমুদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর জামাতা অবসকিউর ব্যান্ডের শিল্পী সাঈদ হাসান টিপু বলেন, “কয়েক দিন আগে মায়ের একটা সার্জারি হয়েছিল। হিপ জয়েন্ট ভেঙে গিয়েছিল। সেলাই কাটানোর পর ভালোয় ছিলেন। গত চারদিন ধরে একটু শ্বাস কষ্ট হচ্ছিল। আর উনি তো কিডনি রোগেও আক্রান্ত ছিলেন। রোববার সন্ধ্যায় তাঁকে খাবার খাওয়াতে গেলে দেখা যায়, তিনি আর নি:শ্বাস নিচ্ছেন না।

তিনি বলেন, বাসার পাশেই সোমবার বাদ যোহর জানাজা হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

রাতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার জোহরের পর ইস্কাটনে নূর নগর জামে মসজিদে জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তার মায়ের কবরে সারা মাহমুদকে দাফন করা হবে।

১৯৬৬ সালের ১৬ই অক্টোবর বিল্লাহ পরিবারের বড় মেয়ে সারা আরা ওরফে ঝিনুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলতাফ মাহমুদ। বিল্লাহ পরিবারের সব সদস্যই সংস্কৃতিমনা। আলতাফ মাহমুদের সাথে বিয়ের পর বিল্লাহ পরিবারের সারা আরা হয়ে যান সারা আরা মাহমুদ।

তাঁদের যখন বিয়ে হয়, সারা তখন দশম শ্রেণীর ছাত্রী। বেগম সুফিয়া কামালের মধ্যস্থতায় উনাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর দু’জনের দাম্পত্যজীবনের পরিধি ছিল মাত্র পাঁচ বছর। বয়সের ব্যবধান সত্ত্বেও তাঁদের দাম্পত্য জীবন ছিল সুখের। পাঁচ বছরের বিবাহিত জীবনে তাঁদের ঘরে জন্ম নেয় একমাত্র মেয়ে শাওন।

শহিদ আলতাফ মাহমুদ ও সারা মাহমুদ

১৯৭১ সালের ৩০শে আগস্ট ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধাদের সহায়তার অভিযোগে পাক সেনাবাহিনী আলতাফ মাহমুদকে তুলে নিয়ে যায়। এর পরে আর খুজে পাওয়া যায়নি সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে। গ্রেপ্তারের সময় আলতাফ মাহমুদের বাসার মাটি খুঁড়ে কাঁঠাল গাছের নিচে লুকিয়ে রাখা গোলাবারুদের ট্রাঙ্ক উদ্ধার করেছিল।

আলতাফ মাহমুদকে হারানোর পর থেকে একমাত্র মেয়ে শাওন মাহমুদকে নিয়েই চলে সারা মাহমুদের জীবনের আরেক লড়াই। সেই থেকে শহিদজায়া সারা মাহমুদ যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে খুবই সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক ছিলেন।

সারা মাহমুদ শিল্পকলা একাডেমিতে ৩৪ বছর কর্মরত ছিলেন। তিনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

১৯৭১ সালে ঢাকার রাজারবাগের উল্টোদিকের বাসা থেকে যখন আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী, সেদিনের ঘটনার সাক্ষীও ছিলেন তিনি। সেই বর্ণনা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সারা মাহমুদ।

সারা মাহমুদের ছোট বোন শিমূল ইউসূফ বাংলাদেশের নাট্যচর্চায় পরিচিত এক নাম এবং ‘মঞ্চকুসুম’ হিসেবে খ্যাত।

একুশের কালজয়ী গানের সুরকার ও ভাষা সৈনিকের সহধর্মিনী চলে গেলেন সেই ভাষার মাসেই।

Visited 53 times, 1 visit(s) today