ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের
শেয়ার করুন
আন্তর্জাতিক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভারতবিরোধী বক্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে ভারতকে নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্কর বলেন, “আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি—আপনারা আমাদের প্রতিবেশী, আমরা চাই পরিস্থিতি শান্ত হোক, আমরা চাই বাণিজ্য, যোগাযোগ এবং অন্যান্য বিষয় এগিয়ে যাক। কিন্তু যদি ক্রমাগত ভারতবিরোধী সংকেত দেওয়া হয়, সেটা আমাদের জন্য ইতিবাচক নয়।”

বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা অবশ্যই আমাদের সব প্রতিবেশীর মঙ্গল চাই। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক বিশেষ, যা ১৯৭১ সাল থেকে চলে আসছে। কিন্তু গত বছর কিছু ঘটনা ঘটেছে যা আমাদের জন্য উদ্বেগজনক।”

তিনি বাংলাদেশের দুটি বিষয়কে ভারতের জন্য খুবই উদ্বেগজনক বলে চিহ্নিত করেন। প্রথমত, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা, যা ভারতের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে তারা সরব থাকবে। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতীয় উদ্বেগ।

তিনি বলেন, “তাদের নিজেদের রাজনৈতিক বাস্তবতা আছে, তবে প্রতিবেশী হিসেবে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়।”

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কিছু মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে জয়শঙ্কর বলেন, “যদি কেউ প্রতিদিন ভারতের বিরুদ্ধে মন্তব্য করেন, তাহলে ভালো সম্পর্ক বজায় রাখা কঠিন। আমি যদি প্রতিদিন সকালে উঠে আপনাকে দোষারোপ করি, তখন আপনি একা একা বলতে পারবেন না যে, ‘আমি আপনার সাথে ভালো সম্পর্ক চাই।’ সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।”

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার শাসনামলে আন্দোলনের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণকে ‘গণহত্যা’ দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কার্যক্রম শুরু করেছে। একাধিক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে এবং তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২৩শে ডিসেম্বর ভারত সরকারকে ‘নোট ভার্বাল’ দেয়, তবে ভারত এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার অভিযোগ তুলেছে অন্তর্বর্তী সরকার। অপরদিকে, সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে ভারত বাংলাদেশকে পদক্ষেপ নিতে বলেছে। পাশাপাশি, ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘মিথ্যা ও অপপ্রচার’ চালানোর অভিযোগ এনেছে বাংলাদেশ সরকার।

সম্প্রতি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিভিন্ন ভারতবিরোধী বক্তব্য দিচ্ছেন, যা কখনো কখনো হিংসাত্মক। এসব মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা?”

উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা এ ধরনের বক্তব্য লক্ষ্য করেছি এবং সেগুলো কোনোভাবেই ইতিবাচক নয়। এসব বক্তব্য কূটনৈতিক সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, তা সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন।”

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন দিকে গড়াবে, তা সময়ই বলে দেবে।

Visited 191 times, 1 visit(s) today