মতামত || শহিদ আলতাফ মাহমুদ, আমাদের মা ও মাটির বাংলাদেশ

মতামত || শহিদ আলতাফ মাহমুদ, আমাদের মা ও মাটির বাংলাদেশ
শেয়ার করুন
শামীম আহমেদ

Satire পেইজ earki’র একটি পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সারাদিন ক্লাসে থাকায় এ বিষয়ে খুব বেশী পড়ালেখা করতে পারিনি, কারও সাথে আলোচনাও করতে পারিনি। এরই মধ্যে অনেকেই ইনবক্সে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, আমার অবস্থান জানতে চেয়েছেন। সন্ধ্যায় বাসায় ফিরে ইফতার সেরে ঘন্টাখানেক এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পোস্ট, পাল্টা পোস্টগুলো দেখলাম। এ বিষয়ে আমার বিশ্লেষণ ও প্রতিক্রিয়া জানাচ্ছি।

১) ঘটনার সূত্রপাত শহিদ আলতাফ মাহমুদ কন্যা এবং আরেকজন এক্টিভিস্টের দুটো কমেন্টকে কেন্দ্র করে। ইয়ার্কির পোস্টে দেখা যায় শহিদ আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ লিখেছেন, “মা হারিয়ে গেলো আমাদের।”, এর প্রতিক্রিয়ায় মুনমুন শারমিন শামস লিখেছেন, “আর ফিরবে না।” আর ইয়ার্কি তাদের দুজনকে উদ্দেশ্য করে লিখেছে, “এই থাম!” সাথে নিচে তীর্যকভাবে লিখেছে, “meanwhile আলতাফ মাহমুদঃ আমারে ফাঁসাইস না কইলাম।”

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুটো কমেন্ট এবং ইয়ার্কির প্রথম কমেন্ট দেখলে মনে হবে এখানে মা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হয়েছে। বিশেষত কমেন্ট দাতা দুজনই আওয়ামী লীগকে অন্তরে ধারণ করেন, সোশাল মিডিয়ায় তাদের দীর্ঘদিন ধরে যারা ফলো করেন তারা এটি মনে করতে পারেন যে তারা বিশ্বাস করেন শেখ হাসিনার পতনটা অস্বাভাবিক ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে এবং তার ক্ষমতায় থাকা উচিৎ ছিল অথবা ক্ষমতায় পুনরায় ফিরে আসা উচিৎ।

২) কিন্তু এখানে থেমে গেলেই হবে না। আমরা জানি শহিদ আলতাফ মাহমুদের স্ত্রী সপ্তাহ দুয়েক আগে মারা গেছেন। শাওন মাহমুদ দীর্ঘদিন ধরে মাকে নিয়ে লিখতেন, তিনি অসুস্থ ছিলেন, এবং খুব স্বাভাবিকভাবেই মা-হারা বেদনা তার হৃদয়ে এখনও অটুট। অন্যদের কাছে জানতে পারলাম আরেক কমেন্টদাতাও তার মাকে হারিয়েছেন বছর কয়েক আগে এবং দুজনই এই একই পোস্টের কমেন্টে তাদের মা হারানোর শোক প্রকাশ করেছেন। এখন এটি সত্য যে দেশের অধিকাংশ মানুষ শহিদ আলতাফ মাহমুদের স্ত্রীর মৃত্যুর খবর জানেন না, জানলেও তারা কতটুকু শোকাহত হতেন, সে বিষয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের বর্তমান অবস্থায় মুক্তিযুদ্ধের সাথে জড়িত যে কেউ, যে কোন কিছু বা যে কোন স্মৃতি হারিয়ে গেলে বোধহয় একটি বড় গোষ্ঠী খুশী হয়। এদের একটি অংশ ৭১ এ পরাজিত শক্তি বা তাদের বংশধর, একটা অংশ মুক্তিযুদ্ধ পরিবারে বেড়ে উঠে তারপর ধর্মীয় গোঁড়ামি থেকে এখন ৭১ বিরোধী, আরেকটি অংশ উচ্চ ও উচ্চমধ্যবিত্ত যাদের কাছে দেশ-জাতি-ভাষা খুবই গৌণ বিষয়; তাদের কাছে মূল বিষয় capitalistic society এবং নিজেদের সম্পদ আহরণ এবং সামাজিক ক্ষমতায়ন, নিজেদের capital gain. সুতরাং জেনে বা না জেনে যেভাবেই হোক একজন বুদ্ধিজীবীর স্ত্রী বা সন্তানের কষ্ট তাদের ছুঁয়ে যাবে না এটা বর্তমান বাংলাদেশে পরিষ্কার।

৩) এই বিতর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কমেন্টদাতা দুজনের একজনের পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্টগুলো করা হয়েছে। তার সাথে সামাজিকভাবে যুক্ত না হওয়াতে আমি পোস্টটি দেখিনি, কিন্তু ইতিমধ্যে অনেকেই ইনবক্সে পোস্টটি আমাকে শেয়ার করেছেন স্ক্রিনশটের মাধ্যমে। আবারও বলি, যেহেতু পোস্টদাতা শারমিন শামস আমার বন্ধু তালিকায় নেই এবং তার প্রোফাইল লকড সুতরাং এটিই সেই পোস্ট কিনা সে বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। পোস্টটিতে তিনি দেশের দ্রুত অবনমনের নানা বিষয় উল্লেখ করে তার হতাশা প্রকাশ করেছেন। সেখানে একুশে বইমেলা, প্রভাতফেরি, বিজয় দিবস, উৎসবমুখর ঢাকা শহর, আনন্দময় সন্ধ্যার কথা ছিল। সাথে ছিল ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধুর বাড়ির কথা, যেটি কিনা অনির্বাচিত অগণতান্ত্রিক স্বৈরাচারী মৌলবাদী সমর্থনপুষ্ট ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্ররোচনায় ভেঙে ফেলা হয়েছে। লেখক দুঃখ করে বলেছেন, আমাদের সবকিছু হারিয়ে গেছে, আমাদের সব হারিয়ে গেল, আমাদের আর কিছুই রইল না।

লেখকের এই পোস্টটির পুরো অংশের সাথেই আমি একমত। গত ৭ মাসে বাংলাদেশ কোন পর্যায়ে নেমে গেছে, আমরা সবাই দেখছি। কেউ স্বীকার করছি, কেউ করছি না। আমি লেখাটি পেয়েছি দুটো অংশে। যারা এই লেখায় কমেন্টদাতারা শেখ হাসিনার জন্য দুঃখ করছেন বলে দাবী করেছেন, তারা শাদা অংশটি শেয়ার দিচ্ছেন, আর যারা সেটি মনে করছেন না, তারা লেখার প্রথম অংশ হিসেবে কালো অংশটিও যুক্ত করে দিচ্ছেন। তারা বলেছেন দুটো মিলে একটি লেখা। এর কোনটি সত্য সেটি পোস্টদাতা নিজেই বলতে পারবেন কেবল। কিন্তু আমার মনে হয়েছে দুই অংশ মিলেই একটি পোস্ট। এবং পোস্টটি একত্রে না পড়ে কমেন্টের ব্যাখ্যা দেয়া অন্যায়।

৪) আমরা এখন যদি পুরো লেখাটি পড়ি, বুঝি, এবং অবগত থাকি যে শাওন মাহমুদের মা অর্থাৎ শহিদ আলতাফ মাহমুদের স্ত্রী মাত্র দু সপ্তাহ আগে মারা গেছেন, তাহলে শাওন মাহমুদের কমেন্ট – “মা হারিয়ে গেল আমাদের” – যে পুরো পোস্টটির ধারাবাহিকতায় নিজের মা হারানোর বেদনা সেটি বুঝতে খুব একটা কষ্ট হয় না। তার প্রতিক্রিয়ায় লেখক শারমিন শামস যে কমেন্ট করেছেন, “আর ফিরবে না”, সেটিও ইঙ্গিত করে তারা উভয়ের মা হারানোর বেদনা এখানে ভাগাভাগি করে নিয়েছেন।
যেহেতু পুরো পোস্টে দেশের সবকিছু হারানোর কথা বলা হয়েছে, সেহেতু কমেন্টে তারা মা হারানোর মাধ্যমে তাদের সর্বৈব হারানোর বেদনাটিই তুলে ধরেছেন বলে আমার মনে হয়েছে।

৫) এর সাথে একটি জিনিস উল্লেখ করা দরকার, এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে সেটি যদি ইয়ার্কি নাও বুঝতে পারে, তাদের পোস্টের শেষে যুক্ত করে দেয়া “meanwhile আলতাফ মাহমুদঃ আমারে ফাঁসাইস না কইলাম।” অংশটির পক্ষে কোন যুক্তি থাকতে পারে না, রসিকতা-ইয়ার্কি-মশকরার খাতিরেও না। মূলত এই একটি লাইনের কারণে পোস্টটি অত্যন্ত আপত্তিকর এবং অগ্রহণযোগ্য হয়েছে, এবং বাকি সব যুক্তি হাওয়ায় উড়ে গেছে।

৬) আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরতে চাই সেটি হচ্ছে personal reflection. কমেন্ট দুটো দিয়ে তারা কী বুঝিয়েছেন, সেটা বোঝার জন্য ব্যক্তিদ্বয়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থানও বোঝা দরকার। আমি শাওন মাহমুদ আপাকে খুব ভালো করে চিনি, শারমিন মুনমুনকে অতটা জানি না। কিন্তু আমি যতদূর বুঝি তারা দুজনই শেখ হাসিনার ভক্ত এবং বিশ্বাস করেন জুলাই গণঅভ্যুত্থান একটি পরিপূর্ণ ষড়যন্ত্র ছিল, এখানে শেখ হাসিনার ভূমিকা গৌণ। আমার ধারণা তারা এটিও বিশ্বাস করতে চান যে শেখ হাসিনা নির্দোষ এবং তিনি আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন। অর্থাৎ তারা যদি তাদের কমেন্টে শেখ হাসিনাকে “মা” বোঝাতেন তাহলে কখনই “আর ফিরবে না” শব্দ তিনটি লিখতেন না। অর্থাৎ তারা নিশ্চিতভাবেই এখানে শেখ হাসিনাকে বোঝাননি, তাদের মাকেই স্মরণ করেছেন, যারা মারা গেছেন।

৭) আমি মনে করি কেউ কেউ এখানে শেখ হাসিনাকে বোঝানো হয়েছে এই যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবে দুটি কারণে – ১) জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় অগাস্টের ষড়যন্ত্রে বাংলাদেশকে আজ যে পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে দেশের এই ভয়াবহ অধঃপতনের দায় এড়ানোর মতো অবস্থানে তারা আর নেই। তাদের সংশ্লিষ্টতা অনেক গভীর এবং ফলশ্রুতিতে তাদের যে কোন ভাবেই হোক আওয়ামী লীগ, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে blame করে টিকে থাকতে হবে। যতদিন সম্ভব। ২) তারা নিরেট মূর্খ, যে কোন কিছুতেই তারা শেখ হাসিনাকে দেখতে পাচ্ছে।

আমরা সাধারণ মানুষের অনেকে যদিও শেখ হাসিনার নেতৃত্বের ব্যর্থতায় হতাশ হয়ে তার উপর ক্ষুব্ধ, কিন্তু আমরা এটিও পরিষ্কার দেখতে পাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বের ব্যর্থতা, তার মন্ত্রী পরিষদের দুর্নীতি এবং জুলাই অভ্যুত্থান সামলানোর ব্যর্থতার চাইতে কয়েকগুণ বেশী অপরাধ মাত্র ৭ মাসেই ইউনূস ও তার পঞ্চতান্ডবরা করে ফেলেছে, এবং ৫ অগাস্ট পরবর্তী সময়ে তারা আরও অনেক বেশী মানুষকে খুন-গুম-হত্যা-ধর্ষণ করেছে যা শেখ হাসিনার সরকার ১৫ বছরেও করতে পারেনি। তাছাড়া যে কারণে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, একই কারণে বাংলাদেশের বিগত সব সরকারকে ফ্যাসিস্ট বলা যায়। বঙ্গবন্ধু-জিয়া-এরশাদ-খালেদা সবার সরকারই একই অপরাধে ফ্যাসিস্ট ছিল।

আমি খুব খুব আশা করব যে প্লাটফর্মগুলো শাহবাগ আন্দোলনের সময় গৌরবোজ্জ্বল অবস্থান নিয়েছিল, তারা আবার আগের সেই অবস্থানে ফিরে যাবে। জুলাই-অগাস্টে তারা যদি ডিপ স্টেটের আর্থিক সহায়তায় শেখ হাসিনা পতনে ভূমিকা রেখেও থাকে, এখন তারা বর্তমানে যে আইয়ামে জাহেলিয়ার যুগ সেটির প্রতিবাদ করে মুক্তিযুদ্ধের শক্তিকে সমর্থন দিয়ে তাদের জুলাই-অগাস্টের অবস্থানের ভুল থেকে সরে আসতে পারে। It’s not too late. এসব প্লাটফর্মের অনেককে ব্যক্তিগতভাবে চেনায়, আমি মন থেকে এই প্রত্যাশা করি। ইয়ার্কির কর্ণধারকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি ভীষণভাবে আশাবাদী সময়ের ধারাবাহিকতায় তিনি এবং তার সারথীরা বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে ফিরে আসবেন।

আর আমি এটিও মনে করি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ৩০ লক্ষ শহিদ, ২ লক্ষ বীরাঙ্গনা, অসংখ্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহিদ আলতাফ মাহমুদের মতো বুদ্ধিজীবীদের কেউ কখনও ছোট করতে পারবে না। এমন চেষ্টা অনেক হয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ; এমন সব অপচেষ্টা ভন্ডুল হয়েছে, এমন সব অপশক্তি ব্যর্থ হয়েছে।

ওই পোস্টের মাধ্যমে তৈরী হওয়া প্রতিক্রিয়ায় আমি বরঞ্চ জাতি হিসেবে আশাবাদী হই এই কারণে যে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয়ে সবসময়ই একাট্টা থাকবে, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবেকবান মানুষের প্রতিবাদই সেটি প্রমাণ করে।

জয় বাংলা।
৫ মার্চ ২০২৫

Visited 183 times, 1 visit(s) today