চট্টগ্রামে পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রীর হাতে যুবক খুন

চট্টগ্রামে পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রীর হাতে যুবক খুন
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবককে খুন করেছেন তার চতুর্থ স্ত্রী।

শনিবার, ২২শে ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে নগরীর হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের চতুর্থ স্ত্রী নুর জাহান (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মো. আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি অলম বাজার এলাকার মইন উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেপ্তারকৃত নুর জাহান নোয়াখালীর মাইজদীর পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আলাউদ্দিন পেশায় দিনমজুর ছিলেন এবং বিভিন্ন ধরনের কাজ করতেন—কখনও রিকশা চালাতেন, কখনও ইটভাটায় কাজ করতেন।

তিনি জানান, নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী ছিলেন নুর জাহান। এর আগে তিন স্ত্রীকে তালাক দিয়ে প্রায় ৯ বছর আগে নুর জাহানকে বিয়ে করেন আলাউদ্দিন। তাদের একটি সন্তানও রয়েছে।

ওসি আরও জানান, দেড় মাস আগে নুর জাহানকে না জানিয়ে আলাউদ্দিন পঞ্চম বিয়ে করেন এবং সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে আসেন। সম্প্রতি নুর জাহান এ বিষয়ে জানতে পারেন। এতে দাম্পত্য কলহ ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর জাহান স্বীকার করেছেন যে, স্বামীর এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে তিনি দা দিয়ে কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন।

পুলিশ নিহত আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Visited 78 times, 1 visit(s) today