অজ্ঞান করে ঘর থেকে তুলে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ

অজ্ঞান করে ঘর থেকে তুলে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ
শেয়ার করুন
জেলা প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে এক ছাত্রীকে স্প্রে দিয়ে অজ্ঞান করে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২২শে ফেব্রুয়ারি, শনিবার রাতে বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মা জানান, দুর্বৃত্তরা জানালা দিয়ে স্প্রে করে ঘরের পেছনের বেড়া ভেঙে প্রবেশ করে। পরে অচেতন অবস্থায় তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির কাছে একটি বিলে ধর্ষণ করে। মেয়েটির হাত-পা বেঁধে ও মুখে গামছা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। মেয়েটি তাদের হাত-পা ধরে প্রাণভিক্ষা চাইলেও তারা তা উপেক্ষা করে।

এ ঘটনায় পুলিশ বেল্লাল হোসেন (২৫) ও ফয়সাল আহমেদ (২২) নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে।

ভুক্তভোগীর দাদি জাকিয়া বেগম বলেন, আমার নাতনির ধর্ষকদের ফাঁসি চাই। সরকার যেন দ্রুত তাদের গ্রেপ্তার করে এবং দৃষ্টান্তমূলক বিচার করে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ জানিয়েছেন, ভুক্তভোগী রাত ৩টার দিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে দুজনকে থানায় আনা হয়েছে। ভিক্টিম বর্তমানে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Visited 59 times, 1 visit(s) today