মিরপুরে মাত্র আধ মিনিটে নারী পোশাক শ্রমিককে ২৯ কোপ! নেপথ্যে বিএনপির কর্মীদের নারী-লাঞ্ছনার ঘটনা

মিরপুরে মাত্র আধ মিনিটে নারী পোশাক শ্রমিককে ২৯ কোপ! নেপথ্যে বিএনপির কর্মীদের নারী-লাঞ্ছনার ঘটনা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মিরপুরের রূপনগরে এক যুবকের অতর্কিত হামলায় নুপুর নামে এক নারী গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফেরার পথে পেছন থেকে ওই ঘাতক তার ওপর হামলা চালায়।

আজ ১৮ই নভেম্বর, বুধবার দুপুরে রূপনগর থানাধীন শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনার নেপথ্যে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে কাফরুলের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার পোশাক শ্রমিকদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভের ওপর স্থানীয় বিএনপি কর্মীদের হামলার ঘটনাকে দায়ী করেন শ্রমিকরা।

যদিও পুলিশের দাবি, প্রেম-ভালোবাসার দ্বন্দ্ব!

সিসিটিভির ফুটেজে দেখা যায়, একসঙ্গে কয়েকজন নারী শ্রমিক হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে ওই যুবক এক পোশাক শ্রমিককে কোপাতে শুরু করেন। কয়েকটি কোপের পর ওই নারী সড়কে লুটিয়ে পড়লেও সেই ঘাতক অনবরত আঘাত করতেই থাকে। মাত্র আধ মিনিটে ২৯ বার কোপানো হয় তাকে।

এসময় দুজন এগিয়ে আসতে চাইলেও ঘটনার ভয়াবহতার কথা ভেবে পরক্ষণে সরে যান। আশপাশ থেকে পুরো ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কয়েকজন।

পুলিশের দাবি, ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ জেরে একটি পোশাক কারখানার ওই নারীকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে ওই নারী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলামের দাবি, রাইজিং গ্রুপের কারখানায় নুপুর কাজ করেন। তার সঙ্গে রায়হান নামের ওই ঘাতকও কাজ করতেন। তাদের প্রেমের সম্পর্ক ও দ্বন্দ্ব থেকে ঘটনাটি ঘটেছে।

রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে, নুপুর চিকিৎসাধীন আছে। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা প্রেম-ভালোবাসার ঘটনা, এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই, দাবি করেন তিনি।

উল্লেখ্য, বুধবার নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে কাফরুল এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার পোশাক শ্রমিকদের ওপর স্থানীয় বিএনপির কর্মীরা হামলা চালায়।

জানা যায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকদের সাথে বিক্ষোভে নামে পার্শ্ববর্তী জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় এই বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর হামলে পড়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা নারী শ্রমিকদের লাঞ্ছিত করে।

এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে। মিরপুর-১২ নম্বর এলাকায়ও পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। এ ঘটনার সময়ে মিরপুরের রূপনগর এলাকায় ওই নারী শ্রমিক আক্রান্ত হন।

ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেলা ১২টা ৫৬ মিনিটের দিকে একটি গলির ভেতর রাস্তার পাশে শিশুরা বসে খেলা করছিল এবং স্বাভাবিকভাবে পথচারী ও ভ্যানগাড়ি চলাচল করছিল। হঠাৎ করেই এক ব্যক্তি হাতে ধারালো অস্ত্র (দা বা চাপাতি) নিয়ে অতর্কিতভাবে এক নারীর ওপর চড়াও হন।

ওই নারী মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী তাকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এ সময় আশপাশের লোকজনকে দ্রুত দূরে সরে যেতে দেখা যায়। পরে ওই ব্যক্তি অস্ত্র হাতে ঘটনাস্থল ত্যাগ করেন।

Visited 3 times, 3 visit(s) today