আজ (বুধবার) করাচিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং স্বাগতিক বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। আইসিসির সেরা আট দল এই মর্যাদাপূর্ণ ট্রফির জন্য লড়বে।
মাঠের লড়াইয়ের আগে, এই প্রতিযোগিতা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক:
১. ১৯৯৮ সালে বাংলাদেশে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা শিরোপা জেতে, যা ছিল আইসিসি ইভেন্টে তাদের প্রথম ও একমাত্র সাফল্য।
২. প্রতিযোগিতাটি শুরুতে ‘আইসিসি নকআউট ট্রফি’ নামে পরিচিত ছিল এবং অনেকটা ছোট ফরম্যাটে খেলা হতো। তখন একে ‘মিনি বিশ্বকাপ’ও বলা হত, যেখানে একবার হারলেই দল বাদ পড়ত! পরে এর পরিধি বাড়ানো হয়, যোগ হয় গ্রুপ পর্ব, তারপর নকআউট। ২০০২ সালে এর নাম পরিবর্তন করে “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি” রাখা হয়।
৩. অস্ট্রেলিয়া ও ভারত সবচেয়ে বেশি, দুইবার করে এই শিরোপা জিতেছে। অস্ট্রেলিয়া ২০০৬ ও ২০০৯ সালে এবং ভারত ২০০২ সালে (শ্রীলঙ্কার সাথে যৌথভাবে) ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়।
৪. ২০০২ সালের ফাইনালটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। দুই দিনে ১১০.৪ ওভার খেলা হওয়ার পরও কোনো ফল আসেনি। তাই ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
৫. ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত সহযোগী দেশগুলোও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কেনিয়া ২০০০, ২০০২ ও ২০০৪ সালের তিনটি আসরেই খেলেছিল, কিন্তু কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এছাড়া, ২০০২ সালে নেদারল্যান্ডস এবং ২০০৪ সালে যুক্তরাষ্ট্রও অংশ নেয়।
৬. ২০০৯ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে তা দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হয়।
৭. ২০০৯ সালে শিরোপা জেতার পর থেকে অস্ট্রেলিয়া আর কোনো ম্যাচ জিততে পারেনি! ২০১৩ ও ২০১৭ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
৮. ক্রিস গেইল চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৭ ইনিংসে তার সংগ্রহ ৭৯১ রান, যার মধ্যে তিনটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে। শুধু ২০০৬ সালের আসরেই তিনি ৪৭৪ রান করেছিলেন!
৯. চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনজন সেঞ্চুরি করেছেন চারজন ব্যাটসম্যান: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা), সৌরভ গাঙ্গুলি (ভারত) ও শিখর ধাওয়ান (ভারত)।
১০. কাইল মিলস (নিউজিল্যান্ড) টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি মোট ২৮টি উইকেট নিয়েছেন।
১১. বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ২০১৭ সালে তিনি ২৯৩ রান করেছিলেন, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি।
১২. বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোহাম্মদ রফিক, যিনি ৮ ম্যাচে মোট ৬টি উইকেট নিয়েছিলেন।
