পাপারাজ্জিদের চোখে হুইলচেয়ারে বসা টেনিস হার্টথ্রব কুর্নিকোভা

পাপারাজ্জিদের চোখে হুইলচেয়ারে বসা টেনিস হার্টথ্রব কুর্নিকোভা
শেয়ার করুন
স্পোর্টস ডেস্ক

টেনিস তারকা আনা কুর্নিকোভা দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন, তবে হুইলচেয়ারে বসে।

মাত্র ২১ বছর বয়সে পিঠ ও মেরুদণ্ডের একাধিক চোটের কারণে টেনিসকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার তাকে হুইলচেয়ারে দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে।

ফ্লোরিডার মিয়ামির ‘বাল হারবার’ শপসে কুর্নিকোভাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। কালো রঙের হুডি ও প্যান্ট পরিহিত এই সাবেক টেনিস তারকার এক পায়ে অর্থোপেডিক বুটও ছিল।

পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া একটি ছবি প্রকাশ করেছে ডেইলি মেইল। ছবিতে কুর্নিকোভার সঙ্গে ছিলেন তার দুই মেয়ে, লুসি (৭) ও মেরি (৪) এবং কয়েকজন বন্ধু।

তার শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেননি কুর্নিকোভা। তবে দ্য ইন্ডিপেনডেন্ট এ বিষয়ে জানতে তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি ব্যক্তিগত জীবন বরাবরই গোপন রেখেছেন। তবে মাঝে মাঝে তার দীর্ঘদিনের সঙ্গী ও তিন সন্তানের বাবা স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিয়াসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

২০০১ সালে ইগলেসিয়াসের জনপ্রিয় গান ‘স্কেপ’-এর মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন কুর্নিকোভা। সেখান থেকেই তাদের সম্পর্কে শুরু।

ইগলেসিয়াস বরাবরই জানিয়ে এসেছেন, তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেননি। ২০১২ সালে ‘প্যারেড’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বিয়ে কোনো পরিবর্তন আনবে বলে আমি মনে করি না।”

তবে ২০২২ সালে কুর্নিকোভা ইনস্টাগ্রামে নিজের নামের সঙ্গে ইগলেসিয়াসের পদবি যোগ করায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, তারা গোপনে বিয়ে করেছেন।

Visited 46 times, 1 visit(s) today