বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে সংকট দেখা দিয়েছে, তা আসরটির ভবিষৎ নিয়ে চিন্তার সৃষ্টি করেছে। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতে, দেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির প্রভাব হয়তো এই সমস্যার মূলে। জাতীয় দলের এই অলরাউন্ডার বলেছেন, পারিশ্রমিক নিয়ে এমন বেহাল অবস্থা আর কখনো ছিলো না।
বিপিএলের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের পারিশ্রমিকের একটি নির্দিষ্ট অংশ টুর্নামেন্ট শুরুর আগেই দিতে হয়। খেলাচালাকালীন দিতে হয় ৭৫ শতাংশ টাকা। কিন্তু এবার অনেক ফ্র্যাঞ্চাইজিই এই নিয়ম মানছে না। দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসের মতো দলের কয়েকজন ক্রিকেটার তো এখনও এক টাকাও পাননি।
মিরাজ জানিয়েছেন, খুলনা টাইগার্সের খেলোয়াড়রা এখনও পর্যন্ত নির্ধারিত পরিমাণের ৪০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। তবে তিনি আশা করছেন, বাকি টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তিনি বলেন, ‘আমাদের দল ইতোমধ্যে ৪০ শতাংশ পেমেন্ট করে দিয়েছে। আর এই সপ্তাহের মধ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ পেমেন্ট করে দেবে।’
তবে মিরাজের এই স্বস্তি স্বল্পস্থায়ী। অন্য দলের খেলোয়াড়দের দুর্দশা দেখে তিনিও চিন্তিত। তিনি বলেন, ‘অবশ্যই এটা খারাপ লাগছে। দিনশেষে আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। দিনশেষে যদি পারিশ্রমিক না পাই প্রত্যেকের জন্যই খারাপ। সবাই এক দিক থেকে আশা করবে যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, তারা এটা নিয়ে কথা বলবে।’
মিরাজ মনে করেন, দেশের সার্বিক অস্থির পরিস্থিতির কারণেই বিপিএলে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, ‘এই বছর পরিস্থিতি ভিন্ন হয়েছে। দেখেন, এর আগে কখনই এমন হয়নি (পারিশ্রমিক নিয়ে এত জটিলতা)। এবারই এমন হয়েছে। সবাই যদি চিন্তা করে যে আমাদের দেশ স্থিতিশীল না এজন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমার মনে হয় এখানে টুর্নামেন্টটা যারা চালাচ্ছে, দায়িত্বে আছে তারা এটা নিয়ে কাজ করবে। খেলোয়াড়দের সঙ্গে থাকবে আমার মনে হয়।’
