উগ্রবাদীদের তাণ্ডবে পণ্ড হলো জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ

উগ্রবাদীদের তাণ্ডবে পণ্ড হলো জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ
শেয়ার করুন
নিজস্ব সংবাদদাতা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ পণ্ড হলো উগ্রবাদীদের হামলায়।

এই মাঠে আগামীকাল বুধবার নারীদের প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। এই খেলা বন্ধ করতে আজ মঙ্গলবার বিকেলে এলাকার একদল উগ্রবাদী নিজেদের ‘বিক্ষুব্ধ মুসল্লি’ আখ্যা দিয়ে জড়ো হয়ে ভাঙচুর ও তাণ্ডব চালান।

জানা গেছে, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমনের খেলাধুলা বিষয়ক ক্লাব টি স্টারের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাঠের বাউন্ডারি হিসেবে টিনের বেড়া লাগানো হয়। টুর্নামেন্টের ফাইনালে যায় পার্বতীপুর ও জয়পুরহাট দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুরের নারী ফুটবল দলের মাঝে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেন আয়োজকরা।

কিন্তু নারীরা ফুটবল খেলবে- এটা মেনে নিতে পারেননি স্থানীয় উগ্রবাদী লোকজন। অভিযোগ রয়েছে, জামায়াত-শিবিরের কর্মীরা স্থানীয়দের মাঝে উস্কানির ইন্ধন যোগান। এরপরই বিক্ষুব্ধ মুসল্লি’র নাম দিয়ে হামলা চালানো হয় ফুটবল আয়োজনের ওপর।

তাণ্ডব চালিয়ে মাঠের দখল নিল উগ্রবাদীরা

হামলা চালানোর ঘটনা লাইভ করা হয় ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে জামায়াত-শিবিরের কর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ধর্ম ও পর্দার দোহাই দিয়ে তারা নারীদের ফুটবল ম্যাচ বন্ধের দাবি করেন।

একজন বক্তা হুমকি দিয়ে বলেন, “যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চায়, আমি তাদের সর্তক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

পড়ুন: হিলিতে তৌহিদী জনতার হামলায় নারী ফুটবল ম্যাচ বন্ধ, আহত ৬

মূলত ওই সমাবেশের পরই উগ্র-মৌলবাদীরা নারীদের ফুটবল বন্ধের হুংকার দিতে দিতে মিছিল নিয়ে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠের দিকে ছুটে যান। তারপর সেখানে টিনের বেড়া ভাঙচুর করা হয়।

টি স্টার ক্লাবের সভাপতি বিএনপি নেতা সামিউল হাসান বলেন, বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। এর আগে মঙ্গলবার আসরের নামাজের পর উগ্রবাদীরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।

সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি উস্কে দেওয়া বক্তব্য প্রদান চলছে রেলস্টেশনের সামনে

এদিকে, নারীদের ফুটবল খেলার আয়োজন ও খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানেন না বলে দাবি করেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

তিনি বলেন, “ইউএনও স্যার আজ বিকেলে আমাকে জানিয়েছেন, আগামীকাল বুধবার খেলার আয়োজকদের ও বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।”

নারীদের ফুটবল বন্ধের হুমকিদাতা উগ্রবাদী বক্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে কেউই গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হুমকি দিয়ে বলেন, “আটানব্বই ভাগ মুসলমানের দেশে নারীরা ঘরে বাইরে হাফপ্যান্ট পরে দৌড়ে বেড়াতে পারবে না, নারীদের এই বেলেল্লাপনা বন্ধ না হলে কঠিন হাশরের ব্যবস্থা করবে তৌহিদি জনতা।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, “আগামীকাল নারী দলের ফুটবল খেলার কথা আয়োজকরা জানায়নি। টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানি না। আয়োজক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে বুধবার তাদের নিয়ে বসার কথা রয়েছে।

Visited 79 times, 1 visit(s) today