ধসে যাচ্ছে ইউনূস সরকারের অর্থনীতি: ৬ মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

ধসে যাচ্ছে ইউনূস সরকারের অর্থনীতি: ৬ মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

দেশ পরিচালনায় খরচ মেটাতে চলতি অর্থবছরে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে ৫ আগস্ট সেনা সমর্থিত ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার।

তারপরও রাজস্ব আদায়ে ব্যর্থতার পথে হাঁটছে গত বছরের ৮ আগস্টে ক্ষমতা দখল করা মুহম্মাদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কাঙ্খিত রাজস্ব আদায়ে ব্যর্থ হলে ধ্বসে পড়ে যাবে ইউনূস সরকারের অর্থনীতি।

জাতীয় রাজস্ব বোর্ড হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে, রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৭ হাজার ৭২৪ কোটি টাকা কম। বছর ব্যবধানে কমেছে শূন্য দশমিক ৯৯ শতাংশ।

তবে ডিসেম্বরে গত বছরের তুলনায় মোট রাজস্ব আদায় বাড়লেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। ডিসেম্বরে রাজস্ব আদায় হয়েছে ২৯ হাজার ৬৩২ কোটি ৪৯ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হাজার ৬৮৯ কোটি ৭৬ লাখ টাকা কম।

চলতি অর্থবছরের কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২৫ হাজার ৫৬৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২০ হাজার ২৬৯ কোটি টাকা। জুলাইয়ে রাজস্ব আদায় কমেছে ৫ হাজার ৩০০ কোটি টাকা।

পরের মাস আগস্টেও একই অবস্থা দেখা গেছে। ওই মাসে ৩১ হাজার ৬০৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২১ হাজার ৬২৯ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায় কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

গত সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৯ হাজার ৩২৪ কোটি টাকা। আদায় হয়েছে ২৯ হাজার ২ কোটি টাকা। রাজস্ব আদায় কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি।

আর অক্টোবর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৫ হাজার ৬১৪ কোটি টাকা। আদায় হয়েছে ২৭ হাজার ৭২ কোটি টাকা। রাজস্ব আদায় কমেছে সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি।

এছাড়া নভেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৬ হাজার ৯০১ কোটি টাকা। আদায় হয়েছে ২৫ হাজার ৩৩৯ কোটি টাকা। রাজস্ব আদায় কমেছে সাড়ে ২ হাজার ৪৯১ কোটি টাকার বেশি।

Visited 146 times, 1 visit(s) today