স্থানীয় সংবাদদাতা
ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজিচালিত অটোচালকদের হামলায় তিন পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।
আজ বুধবার ১৫ই জানুয়ারি দুপুরে শহরের বাগবাড়ীএলাকার মেঘনা সড়কের মুখে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝোটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া এবং এক সিএনজিচালিত অটোরিকশাচালক। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল থেকে মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় কয়েকটি অটোরিকশা আটক করা হয়। এর প্রতিবাদে চালকেরা একত্র হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এসময় দুই পুলিশ কনস্টেবল পাশের হাজি মার্কেটে আশ্রয় নেন এবং এএসআই সবুজ মিয়া দৌড়ে পালিয়ে যান।
পরে উত্তেজিত চালকেরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
অটোচালকরা জানান, দীর্ঘদিন ধরে সড়কে চলাচলের জন্য তারা মাসোহারা দিয়ে আসছেন। ৫ই আগস্টের পর তারা ভেবেছিলেন এবার থেকে আর মাসোহারা দিতে হবে না, নিশ্চিন্তে তারা সিএনজি চালাতে পারবেন। কিন্তু কিছুদিন বন্ধ থাকলেও সেপ্টেম্বর থেকেই তাদের আবার মাসোহারা দিতে হচ্ছে, যা আগের চেয়েও অনেক বেশি। এই জুলুম তারা নিতে পারছেন না আর।
তারা আরও জানান, অভিযানের নামে ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায় করছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা আটক করায় তারা ক্ষুব্ধ হয়ে এই হামলা চালান।
লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক প্রশান্ত কুমার দাস জানিয়েছেন, ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে, কেন পুলিশের ওপর হামলা হয়েছে, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
