বাংলাদেশের রাজনীতি নিয়ে তামিমকে আফ্রিদির খোঁচা

বাংলাদেশের রাজনীতি নিয়ে তামিমকে আফ্রিদির খোঁচা
শেয়ার করুন

বিপিএলের ব্যস্ত সময়সূচির ফাঁকে বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি তামিম ইকবাল এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির এক আন্তরিক আড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই আড্ডায় দুই ক্রিকেট তারকা কেবল ক্রিকেট নয়, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।

আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই ক্রিকেটার তাদের ক্যারিয়ারের শুরুর দিনের কথা স্মরণ করেছেন। তামিম ইকবালের অবসরের প্রসঙ্গও এই আড্ডায় উঠে এসেছে। তামিম নিশ্চিত করেছেন, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না।

আড্ডার একপর্যায়ে তামিম আফ্রিদিকে রাজনীতিতে আসার ইচ্ছা আছে কি না জিজ্ঞেস করলে, পাকিস্তানি ক্রিকেটার হাসতে হাসতে বলেছেন, “তোমাদের (বাংলাদেশের) অবস্থা যা দেখেছি, তাতে আর ইচ্ছা নেই।” আফ্রিদির এই মন্তব্য দিয়ে তিনি সম্ভবত বাংলাদেশের ক্রিকেটারদের রাজনীতির দিকে ঝুঁকাকেই ইঙ্গিত করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান বর্তমানে রাজনীতিতে সক্রিয়। তাদের ক্রিকেট ক্যারিয়ারের ওপর রাজনীতির প্রভাব পড়েছে বলে অনেকেই মনে করেন।

আফ্রিদি-তামিমের এই আড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ক্রিকেট প্রেমীরা এই আড্ডার বিভিন্ন দিক নিয়ে তুমুল আলোচনা করছেন।

অবশ্য রাজনীতির অবস্থা পাকিস্তানের আরও বেহাল। দেশটিতে এখনো পর্যন্ত কোন সরকার মেয়াদ পূরণ করতে পারেনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান রাজনৈতিক দল করে একবার প্রধানমন্ত্রী হলেও ক্ষমতাচ্যুত হয়ে তিনি এখন কারাগারে আছেন।

Visited 125 times, 1 visit(s) today