তরুণকে কুপিয়ে হত্যা করল স্বেচ্ছাসেবক দলের নেতা ধোপা নজরুল গ্যাং

তরুণকে কুপিয়ে হত্যা করল স্বেচ্ছাসেবক দলের নেতা ধোপা নজরুল গ্যাং
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আহমেদ সিয়াম (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের লোকজন।

নিহত সিয়াম স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতো।

শুক্রবার ২০শে ডিসেম্বর রাত ১০টার দিকে শিহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনী এলাকার বাসিন্দা।

সিয়ামের বন্ধু-বান্ধবরা জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ধোপা নজরুলের লোকজন।

জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগ্নে সায়মন, মেহেদী, ইকরাম, আবদুল্লাহ্, মহিউদ্দিনসহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচতলার সামনে থেকে সিয়ামকে অটোরিকশায় তুলে স্থানীয় একটি মাঠে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে আবার রিকশায় তুলে পাঁচতলা এলাকায় ফেলে যায়।

স্থানীয়রা গুরুতর আহত সিয়ামকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্তানের মৃত্যুতে শোকে স্তবদ্ধ সিয়ামের মা কাঞ্চন বেগম বলেন, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কয়েকটা ছেলে বাসায় এসে জানায় সিয়ামকে ধোপা নজরুলের লোকরা তুলে নিয়ে গিয়ে কুপিয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ পাই। আমি এই হত্যার বিচার চাইব কার কাছে জানি না। খুনিরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে এখন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে সিয়ামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আজ শনিবার কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Visited 115 times, 1 visit(s) today