ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে হাফেজ কারী মো. মাসুদ (২৭) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

১লা অক্টোবর, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাফেজ কারী মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোদাগারা এলাকার মাহবুর গোলদারের ছেলে। তিনি চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় কোরান হেফজ করাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে অধ্যয়নরত ১৩ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক হাফেজ মাসুদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন ওই শিক্ষককে মাদ্রাসা প্রাঙ্গণে একটি গাছের সঙ্গে বেঁধে পেটান।

খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই করিম, এসআই গোলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, ঘটনাস্থলটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়। মাদ্রাসাটি সদরপুর থানার আওতাধীন হওয়ায় প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্ত শিক্ষককে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় সদরপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Visited 4 times, 4 visit(s) today