❐ নিজস্ব সংবাদদাতা
বাবার দুই চোখ অন্ধ। সেই দৃষ্টিপ্রতিবন্ধী বাবার হাত ধরে ফুটপাতে সবজি বেচেই চলত ১৬ বছরের কিশোর মো. হৃদয়ের সংসার। কিন্তু সড়ক আর ফুটপাতে বিএনপির দখলদারিত্ব ও চাঁদাবাজির রোষানলে থমকে গেল সেই চাকা।
নগরের খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে মঙ্গলবার রাতে ছুরিকাঘাত করে হত্যা করা হয় কিশোর হৃদয়কে। চাঁদাবাজি নিয়ে সৃষ্ট সংঘাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৫ জনকে আটক করেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র বলছে, ২৯শে সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে ঘরে বসে রাতের খাবার খাচ্ছিল হৃদয়। এ সময় পরিচিত এক যুবক এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় অঘটন। পরে খবর আসে, কলোনির ৪ নম্বর লেনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে হৃদয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয় ওয়ারলেস কলোনি বাজারে ভ্যানে সবজি বিক্রি করত। আটক পাঁচজনও একই এলাকার। তারা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। গ্যাংটি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, নিহত হৃদয়ও গ্যাংটির সদস্য। কয়েক দিন আগে তার সঙ্গে দলের কয়েকজনের ঝগড়া হয়। এর জেরে রাতে বাসা থেকে তাকে রাস্তায় ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, বাসা থেকে ডেকে নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি কিশোর গ্যাংয়ের পাঁচজনকে আটক করা হয়েছে। তারা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগার নিয়ন্ত্রণে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্য। ওয়াকিলকেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, হৃদয়ের বাবা বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে। বগার গ্যাংয়ের কামরুলের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
স্থানীয়রা জানান, ওয়্যারলেস কলোনি ও সংলগ্ন ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো থেকে নিয়মিত টাকার বিনিময়ে বসতে দেওয়া হতো। বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা প্রতি রাতে তুলত চাঁদা। হৃদয় ও তার দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সবজির ভ্যান থেকেও চাঁদা দাবি করা হয়। এ নিয়ে ঘটনার কয়েক দিন আগে চাঁদাবাজ চক্রের সঙ্গে হৃদয়ের তুমুল বাগবিতণ্ডা হয়।
অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে সেই বিরোধ মীমাংসার কথা বলে তাকে বিএনপি নেতার অফিসে ডেকে নেওয়া হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথেই অতর্কিত হামলায় প্রাণ হারায় হৃদয়।
ওসি আবদুর রহিম জানান, পরিচিত ব্যক্তির ডাকেই রাতে বাড়ি থেকে বের হয়েছিল হৃদয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর পুলিশ ঘটনার ছায়াতদন্ত শুরু করেছে। ঘটনার পর ৫ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরে বর্তমানে ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে। প্রতিটি দলে রয়েছেন ৫ থেকে ১৫ জন। নগরজুড়ে এসব গ্যাংয়ের সদস্যসংখ্যা অন্তত ১ হাজার ৪০০। পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয়ে ৬৪ ‘বড় ভাই’ আছেন।
