সিরিজে ফিরতে ভুল শুধরাতে চায় বাংলাদেশ

সিরিজে ফিরতে ভুল শুধরাতে চায় বাংলাদেশ
শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে হেরে গিয়ে সিরিজ বাঁচানোর চাপে পড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে, মাত্র ২০ রানের ঘাটতিই ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারত। তবে ভুল থেকে শিখে এই ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।

বিসিবি পাঠানো এক ভিডিও বার্তায় কোচ বলেন, ‘খেলোয়াড়রা উইকেটের ধরন অনুযায়ী খেলেছে। তবে ২০ রান বেশি করে থাকলে ম্যাচের চিত্র সম্পূর্ণ ভিন্ন হতে পারত। যারা ৬০ রান করেছে, তাদের রান যদি ৯০ হতো, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য খেলা অনেক সহজ হতো।’

প্রথম ম্যাচের হারের পরও সালাউদ্দিন দলের প্রতি আস্থা রাখছেন। তিনি বলেন, ‘গতকালের ম্যাচটি খুবই কাছাকাছি ছিল। এই ধরনের ম্যাচে জয়-পরাজয়ের ব্যবধান খুবই কম থাকে। আমাদের যেখানে ভুল হয়েছে সেখানে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে সিরিজে ফিরে আসতে পারব। তবে ওয়েস্ট ইন্ডিজ একটি শক্তিশালী দল। তাই আমাদের আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।‘

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

Visited 6 times, 1 visit(s) today