বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন’ উপলক্ষে ৩৯টি ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এই ঐতিহাসিক সভায় উপস্থিত নেতারা জাতির চলমান সংকট মোকাবিলা, জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে ঐকমত্য প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের দফতর সম্পাদক নুরুল ইসলাম। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।
সভায় সাংবাদিকদের ব্রিফিংকালে মঞ্জুরুল ইসলাম বলেন, “জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করা শুধুমাত্র নিহতদের প্রতি দায়বদ্ধতা নয়, বরং এটি জাতির প্রতি ন্যায়বিচারের অঙ্গীকার। আজকের সভায় এ বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে জনমত গঠনের কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।”
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, এন্টি-ফ্যাসিস্ট কোয়ালিশনের সভাপতি তাসনিম বিন মাহফুজ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নূর আলমসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সভার মাধ্যমে সংগঠনগুলো তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
