জাতীয় দলে নেই অনেক ধরে, সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন পাঁচ বছর আগে। অন্য সংস্করণেও সুযোগ পান না তিনি। ৩৭ পেরুনো ইমরুল কায়েস ফেরার আর সম্ভাবনা না দেখে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, একই সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটও না না খেলার কথা জানিয়েছেন তিনি।
বুধবার এক ভিডিও বার্তায় টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানান ইমরুল। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে সব শেষবার বাংলাদেশের হয়ে খেলতে দেখা গিয়েছিলো তাকে। দিবারাত্রীর গোলাপি বলের টেস্টে দুই ইনিংসে করেছিলেন ৪ ও ৫ রান।
ফেসবুকে ভিডিও পোস্ট করে ইমরুল বললেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’
আগামী ১৬ নভেম্বর খুলনা বিভাগের পক্ষে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলবেন ইমরুল। ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর সবমিলিয়ে ১৩৭টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে ৩৩.৭৪ গড়ে করেছেন ৭ হাজার ৯৩০ রান। ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি আছে তার।
ইমরুলের আন্তর্জাতিক পরিসংখ্যান বেস সাদামাটা। ৩৯ টেস্টে স্রেফ ২৪.২৮ গড়ে তার ব্যাট থেকে এসেছে এক হাজার ৭৯৭ রান। করেছেন তিন সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের।
ইমরুলকে সর্বশেষ ওয়ানডে খেলতে দেখা গেছে ২০১৮ সালে, ২০১৭ সালের পর আর খেলেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এই দুই সংস্করণ থেকে বিদায় নেননি তিনি। ৭৮ ওয়ানডেতে ৩২.০২ গড়ে ১৭৯৭ ও ১৪ টি-টোয়েন্টিতে মাত্র ৯.১৫ গড়ে ১১৯ রান আছে তার। ইমরুলকে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে আরও কিছুদিন খেলতে দেখা যাবে। সাদা বলেও নাটকীয় কিছু না হলে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই।
