❐ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করেছে পুলিশ।
২৬শে অক্টোবর, সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি মানববন্ধন কর্মসূচিতে এ ঘটনা ঘটে।
দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার বিকেল ৪টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কর্মসূচি শুরুর আগেই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
কর্মসূচিতে অংশ নিতে সেখানে উপস্থিত হন অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ কয়েকজন সংস্কৃতিকর্মী। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশ বাধা দেয়। পরে দীপক শীলকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
অভিনেত্রী সুমনা সোমা বলেন, ‘দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশের একজন সদস্য বলেছেন, “জয় বাংলা” স্লোগান দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করেছি। পরে পুলিশ দীপককে ধরে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘জয় বাংলা স্লোগান বাঙালির অস্তিত্বের, আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবই। তা কেউ থামাতে পারবে না।’
দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশের এই পদক্ষেপ নতুন করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে।
তবে কর্মসূচিতে বাধা দেওয়া এবং দীপক শীলকে আটক করার বিষয়ে পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
