❐ নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন।
আজ ১০ই অক্টোবর, শনিবার ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এর আগে, গত ৪ঠা অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, চিকিৎসার জন্য ২০২৪ সালের ৫ই আগস্টের আগেই কলকাতায় অবস্থান করছিলেন রোটন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সাবেক ছাত্রলীগ নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করেছিলেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিষয়টি জানিয়েছেন।
তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সবার অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। দলের সংকটময় সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্বে এসে কর্মীদের আশা-ভরসার প্রতীক হয়ে ওঠেন।
বিএনপি-জামায়াত শাসনামলে ব্যাপক নির্যাতিত-নিপীড়িত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও বাংলাদেশ ছাত্রলীগের হাল ধরে রেখেছিলেন শক্ত হাতে।
ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।
চট্টগ্রামের রাউজানের বাসিন্দা রোটনের মৃত্যুতে তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মরদেহ দেশে আনা, জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
