রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয়

রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয়
শেয়ার করুন

আংশিক সংস্কার করা ক্যাম্প ন্যু-তে অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতের এই ম্যাচে কাতালান ক্লাবটির হয়ে গোল দুটি করেন রাফিনিয়া ও ফেরমিন লোপেস।

ম্যাচের প্রথমার্ধের ৩৭তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। এরপর ৮২তম মিনিটে জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলটি করেন লোপেস। বেশ কয়েকটি গোল মিস ও বারপোস্টে বল লাগার কারণে ব্যবধান আরও বড় করতে পারেনি বার্সেলোনা।

 

এলচেকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনে এই ম্যাচের দল সাজান বার্সা কোচ হান্সি ফ্লিক। ক্লাবের নতুন সাইনিং অ্যান্থনি গর্ডন প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান।

পাশাপাশি মধ্যমাঠে পেদ্রি গঞ্জালেস ও রক্ষণভাগে পাউ কুবারসিকে ফিরিয়ে আনেন জার্মান কোচ।

রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসের ক্লাব ছাড়ার পর রাফিনিয়াকে ‘মেকশিফট’ স্ট্রাইকার হিসেবে ব্যবহার করছেন ফ্লিক। দলবদলে আতলেতিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেসকে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বার্সেলোনা, কারণ আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যাপারে আলোচনার দরজাই খোলেনি তারা। তবে সেই অভাব বুঝতে দিচ্ছেন না রাফিনিয়া; এলচে ম্যাচে জোড়া গোলের পর এদিনও প্রথম গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ রাখা বার্সেলোনা লিড নেওয়ার আগেই এগিয়ে যেতে পারত, কিন্তু চাভি এস্পার্তের ক্রস থেকে রাফিনিয়ার হেডার পোস্টে লেগে ফিরে আসে। এরপর পেদ্রির দুর্দান্ত পাস থেকে বল পেয়ে বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে ড্রিবল করে খালি জালে বল পাঠান রাফিনিয়া।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে তাকে রুখে দেন সিমন। এ সময় অ্যান্থনি গর্ডন ক্ষোভ প্রকাশ করেন, কারণ ইয়ামাল নিজে শট না খেলে পাস দিলে অরক্ষিত অবস্থায় গোল পেতে পারতেন গর্ডন নিজেই।

দ্বিতীয়ার্ধের শুরুতে গর্ডনের একটি জোরালো শট পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়। এপ্রিলে হ্যামস্ট্রিং চোটের পর এখনও পুরোপুরি ছন্দ খুঁজে ফেরা ইয়ামালের একটি প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত হয়।

ম্যাচের শেষভাগে ম্যানচেস্টার সিটি থেকে আসা তারকা মিডফিল্ডার রদ্রিকে বদলি হিসেবে মাঠে নামান ফ্লিক, যার মাধ্যমে বার্সার জার্সিতে অভিষেক ঘটে এই স্প্যানিশ তারকার।

বিলবাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওইহান সানসেটের একটি শট পোস্টে লাগালে গোলবঞ্চিত হয়। তবে ৮২তম মিনিটে তাদের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের মারাত্মক ভুলে ম্যাচের দ্বিতীয় গোলটি পায় বার্সা। বদলি নামা করিম আদেইয়েমির ক্রস সিমনকে পরাস্ত করলে সহজ সুযোগ পেয়ে বল জালে ঠেলে দেন লোপেস।

ম্যাচের একদম শেষ মুহূর্তে ইয়ামালের দারুণ পাস থেকে ব্যবধান ৩-০ করার সুযোগ পেয়েছিলেন আদেইয়েমি, কিন্তু পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে তার শট আটকে দেন সিমন।

Visited 5 times, 1 visit(s) today