❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, “আজকের বাংলাদেশে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যে নেতৃত্বের প্রয়োজন ছিল, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনিই আমাদের নজরুল।”
২৪শে আগস্ট, সোমবার জাতীয় প্রেস ক্লাবের আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি একই সঙ্গে প্রেম, মানবতা ও ধর্ম নিরপেক্ষ চেতনার কবি। নজরুল যুগে যুগে জন্ম নেন না, তবে তার সৃষ্টিকর্ম ও আদর্শের মধ্য দিয়েই তিনি মানুষের মাঝে বেঁচে আছেন।
দেশের বিগত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ দীর্ঘদিন নির্যাতন, জেল-জুলুম, গুম ও আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কঠিন সময়েও তারেক রহমান রাজপথে ও মানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।
চিফ হুইপ আরও উল্লেখ করেন, নজরুলকে জীবদ্দশায় যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয়নি। তাই কেবল আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ না করে তার আদর্শ ও মানবিক চেতনাকে জীবন পরিচালনায় ধারণ করার আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সংকট কাটিয়ে উঠেছিল, ঠিক তেমনি বর্তমান সংকট কাটাতেও জনগণকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এছাড়া সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও নাট্যকার বাবুল আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
