বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত

বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত
শেয়ার করুন

ভারতীয় ক্রিকেট দল যে এবার আর বাংলাদেশ সফরে আসছে না, সেটা মোটামুটি নিশ্চিতই ছিলো। রাজনৈতিক পরিস্থিতিতে তাদের সরকার এখন ক্রিকেট দল পাঠাতে চাইছে না। এটা আরও নিশ্চিত করে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  ভারত সফরের অনিশ্চয়তার গুঞ্জনের মধ্যেই শেষ পেরেকটি ঠুকে দিল তারা। সেপ্টেম্বর মাসে বিসিবির প্রস্তাবিত সূচির একেবারেই শেষ সময়ে গিয়ে দিল্লির মাঠে আফগানদের মুখোমুখি হতে যাচ্ছে ভারত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খসড়া পরিকল্পনা অনুযায়ী, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট ঢাকায় পা রাখার কথা ছিল রোহিত- বিরাটদের। কিন্তু বিসিবির সেই ১ থেকে ১৩ সেপ্টেম্বরের উইন্ডো পুরোপুরি ভেস্তে দিয়ে ঠিক ১৩ সেপ্টেম্বর থেকেই নিজেদের হোম সিরিজ শুরু করছে আফগানিস্তান। ভারতের মাঠেই অনুষ্ঠিত হতে যাওয়া এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি খেলা হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর—দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

বাণিজ্যিক অংশীদারদের পাঠানো এক চিঠিতে এসিবির সিইও নাসিব খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের বিরুদ্ধে ২০২৬ সালের এই সিরিজের দিনক্ষণ ও ভেন্যু বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

হাতে আর তিন সপ্তাহের মতো সময় বাকি থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই সিরিজ নিয়ে ইতিবাচক কোনো ইঙ্গিত নেই। তাই শেষ মুহূর্তে দুই দেশের সরকারের একদম অলৌকিক কোনো হস্তক্ষেপ না হলে, ভারতের এই বাংলাদেশ সফর আর আলোর মুখ দেখছে না বললেই চলে। বিসিবির লাল গালিচা ছেড়ে ভারত এখন ব্যস্ত আফগানদের আতিথেয়তা দিতে! যদিও এই সিরিজে অফিসিয়াল স্বাগতিক আফগানিস্তানই। নিজেদের দেশে খেলা দিতে না পারায় ‘হোম’ ভেন্যু হিসেবে দিল্লি বেছে নিয়েছে তারা।

 

Visited 4 times, 1 visit(s) today