স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ জানিয়েছের, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বোর্ডের সম্পর্ক ‘বর্তমানে খুব একটা ভালো নয়’। তিনি আশা প্রকাশ করেছেন , নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজ করবেন যাতে আর কোনো জটিলতা তৈরি না হয়।
গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন ভোট কারচুপি ও কারসাজিসহ নানা অনিয়মের অভিযোগে ম্লান হয়ে গিয়েছিল। এছাড়া ক্রিকেট প্রশাসন নিয়ে আমিনুল হকের আগের সমালোচনাগুলো বর্তমান বোর্ড কাঠামো অপরিবর্তিত থাকবে কি না, তা নিয়ে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
শনিবার গুলিস্তানে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি ইফতার মাহফিলের ফাঁকে কথা বলার সময় ফারুক আহমেদ আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করলেও কোনো চূড়ান্ত পূর্বাভাস দিতে রাজি হননি।
ফারুক আহমেদ বলেন, ‘আমার বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী হওয়ার আগে তিনি [আমিনুল হক] যেসব বক্তব্য দিয়েছিলেন এবং এখন তিনি যা বলছেন, তার মধ্যে পার্থক্য থাকবে। যখন আপনি কোনো দায়িত্বশীল পদে থাকেন, তখন আপনাকে ভিন্নভাবে এবং আরও সতর্কতার সঙ্গে চিন্তা করতে হয়।’
তিনি আরও যোগ করেন, ‘এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে আপনাদের মাথায় রাখা উচিত যে, আইসিসির সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমানে খুব একটা ভালো নয়। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং আইসিসি তাতে কোনো ত্রুটি খুঁজে পায়, তবে তারা চাইলে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতেই পারে।’
