আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করার সম্ভাবনা নেই বললেই চলে—এমনটিই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, কোনো ধরনের বিশৃঙ্খলা বা জোড়াতালি দিয়ে বোর্ড আর এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় না।
সাধারণত ডিসেম্বর-জানুয়ারি উইন্ডোতে বিপিএল অনুষ্ঠিত হলেও তামিম স্পষ্ট জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি এই মুহূর্তে বোর্ডের অগ্রাধিকার তালিকায় নেই।
বৃহস্পতিবার গেম ডেভেলপমেন্টের একটি টুর্নামেন্ট ঘোষণার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি কয়েকবারই বলেছি যে এভাবে আমি বিপিএল আয়োজন করতে চাই না। একটা কথা আবারও বলতে হয়, গত দুই বছরে এই একটা টুর্নামেন্ট থেকেই বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে।’
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে তো ক্রিকেট বোর্ডের লাভ হওয়ার কথা, লোকসান হওয়ার কথা নয়। তার মানে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। সুতরাং যতক্ষণ না আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারছি, ততক্ষণ প্রতি বছর টুর্নামেন্টটা করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা আমাদের নেই।’
তবে টুর্নামেন্টটি ভবিষ্যতে করার ইচ্ছা প্রকাশ করে বিসিবি প্রধান যোগ করেন, ‘আমাদের কি এটা করার ইচ্ছা আছে? ১০০% আছে। কিন্তু আমি কি তাড়াহুড়ো করতে চাই? একদমই না।’
তামিম জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া পরিশোধ ও ব্যাংক গ্যারান্টির বিষয়গুলো নিয়ে তিনি ইতোমধ্যেই তাদের সঙ্গে আলোচনা করেছেন।
চলতি মৌসুমে বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় আছে কি না—এমন প্রশ্নে তিনি সাফ জানিয়ে দেন, ‘আমার মনে হয় না সময় আছে। আমার মনে হয় না এ বছর বিপিএল অনুষ্ঠিত হবে।’
