জুলাই কনসার্টে হাসানের ওপর মূত্রভর্তি বোতল নিক্ষেপ, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান

জুলাই কনসার্টে হাসানের ওপর মূত্রভর্তি বোতল নিক্ষেপ, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান
শেয়ার করুন

❐ বিনোদন ডেস্ক


আওয়ামী লীগ সরকারের পতন উদযাপনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার শিকার হলেন বাংলা ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান। গান পরিবেশনের সময় তাকে লক্ষ্য করে দর্শকসারির দিক থেকে একটি বোতল ছুড়ে মারা হয়।

বোতলটি মূত্রভর্তি ছিল বলে মঞ্চের কলাকুশলীদের কাছ থেকে জানা গেছে।

৫ই আগস্ট, বুধবার আয়োজিত এ কনসার্টে পারফর্ম করেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও ফার্টসেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হাসান মঞ্চের সামনে এসে দর্শকদের উদ্দেশে গান গাওয়ার সময় একটি প্লাস্টিকের বোতল তার মুখে এসে আঘাত করে। এতে বোতলের ভেতরের তরল তার শরীর ও মঞ্চজুড়ে ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় বিচলিত না হয়ে তিনি গান থামাননি; বরং পারফরম্যান্স চালিয়ে যান।

মঞ্চের সাউন্ড ও ইনস্ট্রুমেন্টের দায়িত্বে থাকা কলাকুশলীদের একজন বাপ্পি জানালেন, হাসান ভাইর ওপর কারা যেন মূত্রভর্তি প্লাস্টিকের বোতল ছুড়েছে। এই কাজটা ঠিক করেনাই। শিল্পীরা তো জুলাই আন্দোলনের অংশ। তাদের জন্যই গান করছিলেন।

মূত্রভর্তি বোতল ছোড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল?”

অভিযুক্তদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, “এদের প্রত্যেককে মার্ক করুন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সফল আয়োজনের প্রধান শর্ত। এ দায়িত্ব কি আয়োজক ঠিকমতো পালন করেছে?”

তবে এমন পোস্ট দেওয়ায় জুলাই আন্দোলনের সমর্থক প্রিন্স মাহমুদকে ট্যাগ দিয়ে অনেকেই ‘লালবদর’, ‘রাজাকার শাবক’ আখ্যা দিয়ে ট্রল করেছেন। পাশাপাশি জুলাইয়ের কনসার্টে অংশ নেওয়ায় হাসানকে নিয়েও সমালোচনা করেন সঙ্গীতপিপাসুরা।

মূত্রভর্তি বোতল ছোড়ার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

অনেকেই দেশের বর্তমান বেহাল পরিস্থিতি, শিল্প-সংস্কৃতি অঙ্গনে মৌলবাদের থাবা, অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পেছনে ২০২৪-এর জুলাই-আগস্টে শিল্পীদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি তাদের ওপর ‘মূত্রভর্তি বোতল’ ছোড়ার ঘটনার পেছনে তাদের অবস্থানকেই দায়ী করেন।

Visited 22 times, 1 visit(s) today