খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


‘ইলিশের রাজধানী’ খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাটে এখন ইলিশ ছোঁয়াই যেন এক পরম বিলাসিতা! নিম্নবিত্ত দূরের কথা, মধ্যবিত্তেরই নাগালের বাইরে রুপালি ইলিশ। এর সাথে যুক্ত হয়েছে ইলিশের ডিমের অভূতপূর্ব মূল্যবৃদ্ধি। এক বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ।

আজ ২৯শে জুলাই, বুধবার ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। আড়তগুলোতে প্রতি কেজি ইলিশের ডিম এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকায়! অথচ ঘাটের প্রবীণ ও নিয়মিত মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর ঠিক একই মৌসুমে প্রতি কেজি ডিম বিক্রি হয়েছিল, আড়াই থেকে ৩ হাজার টাকায়। আকাশচুম্বী এই দাম দেখে হতবাক সাধারণ ক্রেতা ও ভোজনরসিকরা।

ঘাটে আসা বেশ কয়েকজন ক্রেতা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, ইলিশের বাজারে এখন অগ্নিমূল্য। আগের কোনো বছরে ইলিশ মাছ ও ডিম কিনতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাদের।

এক ক্রেতা আক্ষেপ করে বলেন, “যেভাবে দাম হাঁকানো হচ্ছে, তাতে সাধারণ মানুষের জন্য ইলিশে হাত দেওয়া বা কেনার কথা ভাবাও এখন একধরনের অপরাধের মতো ঠেকছে।”

পদ্মা-মেঘনার পাড়ে দাঁড়িয়ে ইলিশের প্রাচুর্য দেখার সুযোগ হলেও, ঘাটে এসে কেবল বাড়তি দামের চাবুক খেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে। ব্যবসায়ীদের সিন্ডিকেট নাকি সরবরাহ ঘাটতি—কী কারণে দামের এই অস্বাভাবিক লাফ, তা নিয়ে বইছে ব্যাপক আলোচনার ঝড়।

Visited 1 times, 1 visit(s) today