আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর

আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর
শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনাল শেষের উত্তপ্ত পরিস্থিতি গড়িয়েছে মাঠের বাইরেও। ম্যাচ শেষে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবের্তো আয়ালার দেওয়া ক্ষমা প্রত্যাখ্যান করেছেন স্প্যানিশ তারকা দানি ওলমো। সেই সঙ্গে পুরো ঘটনা নিয়ে আয়ালার দেওয়া ব্যাখ্যাকে ‘মিথ্যাচার’ বলে দাবি করেছেন তিনি।

গত সপ্তাহে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বিরুদ্ধে ১-০ ব্যবধানের জয় পায় স্পেন। ম্যাচ শেষের বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড় ও অফিশিয়ালদের মধ্যে হট্টগোল শুরু হয়। তখন ওলমোর ঘাড়ের কাছে আয়ালাকে জোরালোভাবে ধাক্কা দিতে দেখা যায়।

ঘটনার পর ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে একই সঙ্গে নিজের সাফাই গেয়ে তিনি বলেন, “ওটা অন্য কিছুর চেয়ে একটা সাধারণ ধাক্কা ছিল, যেভাবে প্রচার করা হচ্ছে সেভাবে কোনো ঘুষি ছিল না। ওটা মূলত ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়া ছিল, ব্যস এটুকুই। সামনে দেখা হলে আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চেয়ে নেব।”

তবে আয়ালার এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেননি ওলমো। ক্যাটালান সংবাদমাধ্যম ‘দিয়ারি দে তেরাসাকে’ দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ এই মিডফিল্ডার আয়ালার দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “যে ক্ষমা চেয়েও নিজের ঘুষিকে কোনো মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখানোর চেষ্টা করে, সে কখনোই অনুতপ্ত নয়। কারণ সে স্পষ্ট মিথ্যা বলছে। আমি তাকে কিচ্ছু বলিনি, তাই তার আলাদা করে ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই।”

নিজের অবস্থান পরিষ্কার করে এফসি বার্সেলোনার এই ২৮ বছর বয়সী তারকা আরও যোগ করেন, “আমাদের আসল পরিচয় ভুল করায় নয়, বরং নম্রতা, সততা ও মর্যাদার সঙ্গে সেই ভুল স্বীকার করার সাহসের মধ্যে। আমার পরিবার, সন্তান ও ফুটবলপ্রেমীরা যখন আমাদের খেলা দেখে, আমি চাই তারা যেন আমাদের পারফরম্যান্স ও আচরণের জন্য গর্ববোধ করে। ফুটবলার হিসেবে আমরা পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ, যা এক বিশাল দায়িত্ব এনে দেয়।”

ম্যাচ শেষের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্ত করে দেখছে ফিফা। এই হাতাহাতিতে দুই দলের বেশ কয়েকজন জড়িয়ে পড়েছিলেন, যার মধ্যে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে একাধিকবার বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত এই বিশ্বকাপে স্পেনের আটটি ম্যাচের ছয়টিতেই মূল একাদশে খেলেছিলেন দানি ওলমো, যেখানে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি।

Visited 2 times, 2 visit(s) today