যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বড় এক মন্তব্য করলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। ফুটবল বিশ্বের সেরা কে—এই প্রশ্নে কোনো বিতর্ক না রেখে তিনি সরাসরি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুইজনকেই একসঙ্গে সবার সেরা হিসেবে মেনে নিয়েছেন।
আর্লিং হালান্দ কিংবা হ্যারি কেইনের সঙ্গে নিজের তুলনার প্রসঙ্গে এমবাপে বলেন, ‘আমার, হালান্দ, কেইন ও মেসির মধ্যে কে সেরা? মেসি, এটা একদম পরিষ্কার। ক্রিস্টিয়ানোর সঙ্গে মেসিই সেরা।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। তবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসি হ্যাটট্রিক করায় রেকর্ড তাড়ার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি। এই ফরাসি ফরোয়ার্ড অবশ্য মেসির প্রশংসায় বলেন, ‘আমি জানতাম লিও গোল করবে, সে সবসময়ই গোল করে। আমি এখন তাঁর পেছনে আছি।’
প্রথম ম্যাচে জোড়া গোল করলেও এমবাপে নিজের ক্ষুধা আড়াল করেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘উদ্বোধনী ম্যাচে জোড়া গোল? বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে আমার প্রতিভা দেখানোর জন্য একটি জোড়া গোলই যথেষ্ট নয়। আমার আরও চাই।’
তবে মেসি ও রোনালদোর মতো প্রায় ৪০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই এই তারকার। নিজের ভবিষ্যৎ নিয়ে হাসতে হাসতে এমবাপে বলেন, ‘আমি ৪০ বছর বয়স পর্যন্ত এখানে থাকব না, ততদিনে তারা আমাকে লাথি মেরে বের করে দেবে।’
গ্রুপ ‘আই’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই ম্যাচটি ফরাসি জার্সিতে এমবাপের ১০০তম ম্যাচ।
