❐ নিজস্ব প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। এই উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা।
গতকাল ১২ই জুন, শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।
এসময় স্থানীয় তৌহিদি জনতার নামধারীরা বলেন, মুসলমানের দেশে হিন্দু দেবতার নামে উপজেলার নাম আমরা মানি না। তাই এর নাম পরিবর্তন আমাদের অনেকদিনের দাবি ছিল। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন নাম বদলের।
যদিও হিন্দু দেবতা শিব-এর নামের প্রসঙ্গ এড়িয়ে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শিবগঞ্জ নামে আরেকটি উপজেলা আছে (চাঁপাইনবাবগঞ্জে)।
একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি। তবে অতীতে কখনো নাম নিয়ে কাজের জটিলতা হয়নি, এখন কেন হচ্ছে- এমন প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জবাসী সমর্থন দিলে উপজেলার নাম বদলে মহাস্থান নামকরণ করা হবে।
উল্লেখ্য, ভৌগলিক অবস্থান অনুযায়ী শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা। এর আয়তন ৩১৫ কি.মি.। বগুড়া জেলা শহর হতে ১৯ কি.মি. উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।
এর আগে চলতি বছরের ১২ই এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮.৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখ।
শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরনের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে।
